বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের নাটক, কবিতা, গান ও আলোচনায় মুখর হয়ে উঠেছে শিখা চিরন্তনের বিজয়মঞ্চ। মুক্তিযুদ্ধের ৪২তম বিজয় উৎসব জাতীয় উদ্যাপন কমিটি মাসব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার ছিল উৎসবের দ্বিতীয় দিন।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এতে সভাপতি ছিলেন উৎসব কমিটির প্রধান সমন্বয়কারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমির হোসেন আমু। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী মনোরঞ্জন ঘোষাল, শাম্মী আখতার, মহাদেব ঘোষ প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পী গোষ্ঠী। একক আবৃত্তি করেন ডালিয়া আহমেদ, রফিকুল ইসলাম ও মাসকুর-এ-সাত্তার। নাটক পরিবেশন করে আরণ্যক নাট্যদল। আজ বুধবার অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে তিনটায়।দৃক গ্যালারিতে প্রতিবন্ধী শিশু-কিশোরদের প্রদর্শনীসোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিসঅ্যাবল্ড (সিড) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ আয়োজনে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রতিবন্ধী শিশু-কিশোরদের তৈরি পণ্য ও শিল্পকর্মের প্রদর্শনী।তিন দিনের এ প্রদর্শনীতে রয়েছে ব্লক, বাটিক ও মোমের বিভিন্ন শিল্পকর্ম। আলোকচিত্রী মোহাম্মদ আমিনুজ্জামানের তোলা প্রতিবন্ধী শিশু-কিশোরদের আলোকচিত্রও ঠাঁই পেয়েছে এতে।গতকাল মঙ্গলবার বিকেলে প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস।সিডের চেয়ারপারসন রঞ্জন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামান, শিল্পী কনকচাঁপা চাকমা প্রমুখ। অনুষ্ঠানে কয়েকজন প্রতিবন্ধী শিশু-কিশোর তাদের অনুভূতি প্রকাশ করে। প্রদর্শনী শেষ হবে কাল বৃহস্পতিবার।জামিল আজাদের ‘জীবনের গতি’জীবন চলার পথের গতিময়তাকে উপজীব্য করে শিল্পী জামিল আজাদ সাজিয়েছেন নিজের প্রথম প্রদর্শনীটি। নাম ‘জীবনের গতি’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীর আয়োজন করেছেন অনুষদের ছাপচিত্র বিভাগ। গত সোমবার দুপুরে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছয় দিনব্যাপী এ প্রদর্শনী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।ক্যানসারে আক্রান্ত সাথীর সহায়তায়ক্যানসারে আক্রান্ত দুই সন্তানের জননী সাথীর (৩৫) চিকিৎসায় সহায়তা দিতে নাটকের দল ‘নাটুকে’ ও তাদের শাখা সংগঠন ‘থিয়েটারক্যানফান্ড’-এর যৌথ আয়োজনে চ্যারিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে গান গাইবেন সুবীর নন্দী, ফকির আলমগীর, বুলবুল মহলানবীশ, অরূপ রাহী প্রমুখ। আবৃত্তি করবেন শামসুজ্জোহা। সন্ধ্যা সাতটায় অসীম দাশের নির্দেশনায় নাটুকে মঞ্চায়ন করবে মলিয়ের রচিত কমেডি নাটক বিয়ে বিড়ম্বনা। টিকিট পাওয়া যাবে পাঠক সমাবেশ, পড়ুয়া, প্রচ্ছদ, নক্ষত্র, সুরের মেলা, শ্রাবণ প্রকাশনী (আজিজ সুপার মার্কেট, শাহবাগ), সাগর পাবলিশার্স ও থিয়েটার কর্নারে (নাটক সরণি)।