সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছে ছায়ানট l ছবি: প্রথম আলো
‘অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছে ছায়ানট l ছবি: প্রথম আলো

দেশ কষ্টে থাকলে শহীদদের সন্তানদের কণ্ঠ তো বেজে উঠবেই। গণতন্ত্রের নামে চলমান রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতে সারা দেশে সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রজন্ম ’৭১। মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে’ শিরোনামে এক জাগরণী পরিবেশনার আয়োজন করে। এতে একাত্ম হয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলা বেতার থেকে গান ও কবিতার মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করা হতো। আবারও তেমনটি করা প্রয়োজন।
অনুষ্ঠানে জাগরণী গান করে ছায়ানট, উদীচী, অভ্যুদয়। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ইলোরা আহমেদ ও লাইসা ইসলাম লিসা, তানিয়া মান্নান, বুলবুল ইসলাম গান করেন। গান করেন শহীদসন্তান রোকাইয়া হাসিনা, খেলাঘর ও শহীদ সুলতান শিল্পী সংসদ। আবৃত্তি পরিবেশন করেন ইকবাল বাহার চৌধুরী, ভাষা, সুনন্দন জওহর, কণ্ঠশীলন, জিয়ন কাঠি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সারওয়ার আলী, শ্যামলী নাসরিন চৌধুরী, অ্যারোমা দত্ত, গোলাম কুদ্দুছ, কাজী মুকুল, কামাল পাশা, মিজানুর রহমান, শমী কায়সার, এ আরাফাত প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদসন্তান তৌহীদ রেজা নূর ও নুজহাত চৌধুরী।