সাংস্কৃতিক আন্দোলন দিয়ে জঙ্গিবাদ নির্মূল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘অরিন্দম সাংস্কৃতিক উৎসব ২০১৬’। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘ছন্দ তুলুক সংস্কৃতিচর্চা, বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ স্লোগান নিয়ে এই উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যে ছেলেমেয়েরা গান, কবিতা, নাটক, আবৃত্তি করে, তারা কখনোই সন্ত্রাসী বা জঙ্গি হতে পারে না। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে সন্তানকে মুক্তচিন্তার সংস্কৃতিমান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সংস্কৃতি লালনে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, সন্তানদের কেবল জিপিএ-৫ পাওয়ার জন্য তৈরি না করে সংস্কৃতি শাখায় আসার সুযোগ দিতে হবে। খেলাধুলায় অংশ নেওয়ায় ভূমিকা রাখতে হবে। সংস্কৃতি সমাজবিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। অস্ত্র নয়, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
বিকেল সাড়ে চারটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও উৎসবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে উৎসবস্থল থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার (এসপি) মো. রশীদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন অরিন্দম সাংস্কৃতিক উৎসব ২০১৬-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সংলাপ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক জহির রায়হান ও চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের সাধারণ সম্পাদক মরিয়ম শেলী। উৎসবের মূল প্রতিপাদ্য ‘ছন্দ তুলুক সংস্কৃতিচর্চা, বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ বিষয়ে আলোচনা করেন রফিকুর রশীদ।
সাংস্কৃতিক অঙ্গনের পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের জন্য এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমানসহ নজরুল ইসলাম বুলবুল এবং শ্রেষ্ঠ সংগঠন হিসেবে আলমডাঙ্গার ‘কলাকেন্দ্র’কে সম্মাননা প্রদান করা হয়।
রাতে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন প্রযোজিত নাটক অহম তমসায় মঞ্চস্থ হয়। আ ন ন জামানের রচনা ও শামীম সাগরের নির্দেশনায় নাটকে অভিনয় করেন আবদুল সালাম, আতিকুজ্জামান সবুজ, সৌম্যজিতা শ্রুতি, আইয়ুব হোসেন, বুলবুলি খাতুন, হারুণ অর রশিদ, শান্ত আহমেদ প্রমুখ।
আজ ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের উজান থিয়েটার প্রযোজিত নাটক ইতিহাসের কাঠগড়ায় মঞ্চস্থ হবে।