
তখন ঠিক সন্ধ্যা। রংবেরঙের বেলুন ওড়ানোর একটু পরই দিনের আলো আর রইল না। কিন্তু তাতে কী, শিল্পকলা একাডেমির রাতের আকাশ আলোকিত করল মুহুর্মুহু আতশবাজি। মঞ্চের চারপাশের ফোয়ারাগুলো তখন ছড়াচ্ছিল পানির রঙিন ছটা। এমনই জাঁকজমক উদ্বোধন হলো বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’। গতকাল শুক্রবার থেকে আয়োজিত এ উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। একাডেমির নন্দন মঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে উৎসবের অনুষ্ঠানমালা শুরু হবে। মাঝে অবশ্য দুই দিন (১৫ ও ১৬ জানুয়ারি) উৎসব বন্ধ থাকবে।
উৎসবের নাম ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ কেন?
কারণটা হচ্ছে, উৎসবের ১৬ দিনে বাংলাদেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। প্রতিদিন চারটি করে জেলার পরিবেশনা। আয়োজকদের দাবি, সারা দেশ থেকে কয়েক হাজার শিল্পী এ উৎসবে অংশ নিচ্ছেন। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক যে সংস্কৃতি আছে, এ উৎসবের মাধ্যমে রাজধানীবাসী তা দেখতে পাবেন।
গতকাল বিকেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, রাজনীতি ও অর্থনীতি যদি কোনো দেশের শরীর হয়, তবে সংস্কৃতি হলো তার মুখ। সংস্কৃতির ব্যাপক চর্চা করলেই ‘বাংলার মুখ’কে দেখা যাবে। শুধু রাজধানী বা শহরে নয়, প্রকৃত সংস্কৃতির খোঁজ করতে হবে ‘বিশাল বাংলা’র সবখানে। মনে রাখা দরকার, গ্রামের বাউল গগন হরকরার গান ‘আমি কোথায় পাব তারে’র সুর নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমাদের জাতীয় সংগীত।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের দুটি লক্ষ্য। এক. সংস্কৃতিকে তৃণমূলে নিয়ে যাওয়া। দুই. তৃণমূলের প্রতিভাগুলোকে কেন্দ্রে নিয়ে এসে দেশের সামনে পরিচিত করা। কাজটা বড় ও কঠিন। কিন্তু বাংলাদেশের সংস্কৃতিপ্রিয় মানুষ যদি সঙ্গে থাকেন, তবে কোনো কাজই অসাধ্য নয়।’
অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। আরও বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর হয় দুটি সমবেত নৃত্য। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশিত নৃত্যে বলা হয় ষড়ঋতুময় বাংলার বৈচিত্র্যের কথা।
রবীন্দ্রনাথের ছয়টি গানে নৃত্যশিল্পীরা দর্শকদের দেখান ছয়টি ঋতু। আরেকটি সমবেত নৃত্য পরিবেশিত হয় রবীন্দ্রনাথ, নজরুল, লালন, শাহ আবদুল করিম, সলীল চৌধুরী ও দেশের গান দিয়ে।