সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত মানুষ হৃদয়ে শান্তি পায়

দেশব্যাপী উগ্রপন্থার আস্ফালন ও তরুণ প্রজন্মের একটি বড় অংশকে নিয়ে সাম্প্রদায়িক-মৌলবাদী চক্রের ষড়যন্ত্রকে রুখতে সাংস্কৃতিক আন্দোলন-ই হতে পারে সত্যিকারের সমাধান—মুক্তির সবচেয়ে উত্তম পথ। কেননা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত মানুষ হৃদয়ে শান্তি পায়, মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলে, সহিষ্ণু হয়। পাশাপাশি কুসংস্কার ও গোঁড়ামি দূর হয়, চল যায় অন্য এক জগতে—যে জগতে হানাহানি থাকে না; থাকে শুধু ভালোবাসা। এ মন্তব্য দেশের সংস্কৃতিসেবীদের।
ধর্মের অপব্যাখ্যায় তরুণ প্রজন্মের একটি অংশ যখন মরণনেশায় উন্মুখ হয়ে উঠছে, তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের প্রতিটি জেলায় ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক এক কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মূল আয়োজনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষক-কবি ও সংস্কৃতিকর্মীরা এসব কথা বলেন।
শুক্রবার সকালে রাজধানী সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল এবং কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
অনুষ্ঠানের শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা সারা জীবন ধরে যেটা করার জন্য দাবি জানিয়েছিলাম, সরকার আজ তার উদ্যোগ নিয়েছে। আমাদের মধ্যে যে অনুভব ছিল, তা আজ দেশ ও রাষ্ট্র অনুভব করছে।’
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত বাউল। তাঁদের জীবনধারা, ভাববাদের কথা উল্লেখ করে তাঁদের ওপর হামলা, নিপীড়নের তীব্র নিন্দা জানান তিনি।
জাফর ইকবাল বলেন, ‘আমাদের কার্যক্রম সবে শুরু হলো। স্কুল-কলেজের ছেলেমেয়েদের বোঝাতে হবে, এ দেশের লাখো মানুষ জীবন দিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা ছিল, প্রতিটি ধর্মের মানুষ পাশাপাশি অবস্থান করবে, ধর্মীয় সহিষ্ণুতা বজায় থাকবে প্রতিটি নাগরিকের মধ্যে। তারা একদিন পূর্ণাঙ্গ মানুষ হবে, হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমও বাউলদের ওপর অত্যাচার, নিপীড়নের নিন্দা জানান। বিভিন্ন সময়ে বাউলদের ওপর হামলা হলেও তার জোরালো প্রতিবাদ না হওয়ায় জঙ্গিরা আরও মারমুখী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতে শিল্পী অতিথি সবাই মঞ্চে এসে শোনান লালনের গান। ঢাকা সাংস্কৃতিক দল পরিবেশন করে কোলাজ ‘চলছে আজ চলবে কাল-আজ যত যুদ্ধবাজ-নওজোয়ান নওজোয়ান’। ফারহানা চৌধুরীর পরিচালনায় ‘সন্ত্রাসের বিহ্বলতা’, ‘তুমি নির্মল কর’, ‘এসো মুক্ত কর’, সাদিয়া ইসলাম মৌয়ের পরিচালনায় ‘চল চল চল’ গানের কথায় সমবেত নৃত্য। কবিতা পাঠ করেন কবি কামাল আবদুল নাসের চৌধুরী, অসীম সাহা, রুবী রহমান, কাজী রোজী, নির্মলেন্দু গুণ, মোহাম্মদ সামাদ, আসলাম সানী, শাহজাদী আঞ্জুমান আরা এবং মো. নুরুল হুদা। শেষে তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ এবং আবু সাইয়ীদ পরিচালিত ‘অপেক্ষা’ দেখানো হয়।