তিন দেশের নাট্যকর্মীদের সমন্বয়ে ঢাকার মঞ্চে এসেছে হুজ ইন কন্ট্রোল। এখানে অভিনয় করেছেন বাংলাদেশের শামীমা শওকত, হংকংয়ের এরিক, ফিলিপাইনের এন্জ। আবার তিনজনই নাটকটির পাণ্ডুলিপি ও নির্দেশনার কাজ করেছেন। আজকের সাক্ষাৎকার শামীমা শওকতের।শফিক আল মামুনকবে নাটকটি মঞ্চে এল?এ মাসেই নাটকটি ঢাকার মঞ্চে এসেছে। এর মধ্যে দুটি কারিগরি মঞ্চায়ন হয়েছে। ১৪ মে শিল্পকলার স্টুডিও থিয়েটারে উদ্বোধন করা হয়েছে। ১৭ তারিখ করেছি চট্টগ্রামে। কয়েক দিনের মধ্যে যশোর ও ঢাকায় আরও প্রদর্শনী হবে। নাটকটি এশিয়ান পিপলস থিয়েটার ফেস্টিভাল সোসাইটির আয়োজনে যৌথভাবে বাংলাদেশের আরণ্যক এবং ফিলিপাইন এডুকেশনাল থিয়েটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হচ্ছে। নাটকটি বাংলা, চীনা, ফিলিপাইন ও ইংরেজি ভাষায় মঞ্চস্থ হচ্ছে।কীভাবে নাটকটিতে কাজের সুযোগ হলো?বাংলাদেশের আরণ্যক নাট্যদলের সঙ্গে হংকংয়ের এশিয়ান থিয়েটার ফেস্টিভাল সোসাইটির খুবই ভালো সম্পর্ক। এর আগে বহুবারই ওদের সঙ্গে আরণ্যক নাট্যদলের কর্মীরা কাজ করে আসছেন। তবে সব কাজই হয়েছে হংকংয়ে। এবারই প্রথম তাদের আয়োজনে বাংলাদেশে কাজ হলো। যা-ই হোক, কাজের সেই ধারাবাহিকতায় ফিলিপাইন থেকে এবারও আরণ্যকের সঙ্গে কাজের প্রস্তাব এলে, আরণ্যক থেকে ওদের সঙ্গে কাজের জন্য আমাকে নির্বাচন করা হয়। আমি ওখানে গিয়ে প্রায় ১১ দিন কর্মশালা করি। সেখান থেকে ফিরে আরও দুটি দেশের কর্মীরা মিলে আমাদের এখানে নাটকটি নির্মাণ করি।নাটকটির গল্প কীভাবে এসেছে?১১ দিনের কর্মশালায় তিনটি দেশের (বাংলাদেশ, হংকং ও ফিলিপাইন) সাধারণ সমস্যাগুলো বের করে আনার চেষ্টা ছিল। এর মধ্যে বাংলাদেশ ও ফিলিপাইন এই দুটি দেশের রাজনীতি, দুর্নীতি, লোকসংখ্যা, যানজট সমস্যাসহ একাধিক বিষয় উঠে আসে। তবে হংকংয়ের সমস্যাগুলো একটু আলাদা। যা হোক, এসব সমস্যা বের করে এনে আমরা কর্মশালায় একটা পাণ্ডুলিপি দাঁড় করাই। সেখান থেকেই আমরা তিনজন মিলে নাটকটি মঞ্চে আনি।নাটকটিতে কাজ করতে পারার অনুভূতি জানতে চাই।নিজের কাছে খুবই ভালো লাগছে। এটি একটি বড় প্রাপ্তি। ১৬ বছর ধরে আরণ্যক নাট্যদলে কাজ করছি। আমার মনে হয়, এই দীর্ঘ থিয়েটার-জীবনে সেই বিশ্বাস দলের কাছে করতে পেরেছি বলেই দল আমাকে এমন একটি কাজের জন্য নির্বাচন করেছে এবং এর মধ্য দিয়ে আমার থিয়েটার-জীবনটা আরও এক ধাপ এগিয়ে গেল।এ ধরনের একাধিক দেশ মিলে যৌথভাবে নাটক করার সুযোগটা আপনি কীভাবে দেখছেন?আমি মনে করি, ভালো থিয়েটার করলে এ ধরনের সুযোগ অবশ্যই আসবে। এ ধরনের কাজ শুরু হলো, ভবিষ্যতে আরও হবে। ফলে বাংলাদেশের নাট্যকর্মীরা আন্তর্জাতিকভাবে নাটক করার সুযোগ পাবেন। এতে করে সাংস্কৃতিক চর্চার বিনিময় হবে।এই নাটকটি আর কোন কোন দেশে মঞ্চস্থ হবে?ফিলিপাইন, হংকং ও ব্রাজিলে নাটকটির মঞ্চায়ন হবে। ২৩ মে নাটকটিতে অভিনয়ের উদ্দেশ্যে আমি দেশের বাইরে যাব। ২৮ ও ২৯ মে ফিলিপাইনের ম্যানিলার পেটাতে পরপর চারটি প্রদর্শনী হবে। এরপর হংকংয়ের আর্ট থিয়েটারে হবে চারটি প্রদর্শনী। আর ব্রাজিলে হবে তিনটি প্রদর্শনী। আগস্ট মাসে সব কটি প্রদর্শনী শেষে দেশে ফিরব।এরপর কি নাটকটির নিয়মিত প্রদর্শনী হবে?আপাতত বাংলাদেশসহ আরও তিনটি দেশে নাটকটির নিয়মিত মঞ্চায়ন শেষ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো বিষয়টিই নিয়ন্ত্রণ করছে এশিয়ান পিপলস থিয়েটার ফেস্টিভাল সোসাইটি। তারা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে, নাটকটি নিয়মিত হবে কি না।