সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব শুরু

রক্তিম সূর্যটা কেন্দ্রীয় শহীদ মিনারের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল। পশ্চিমে বিদায় নেওয়ার আয়োজন চূড়ান্ত করেছে সূর্য। এমন সময় মিনারের পাদদেশে সচকিত হলো গানে ‘জয় বাংলা বাংলার জয়’। আঁধার কাটিয়ে, দেশের প্রতি ভালোবাসার এমন দারুণ অনুভূতির মধ্য দিয়েই আজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব।
এবারের উৎসবের মূল প্রতিপাদ্য-‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’। তিন দিনের এ আয়োজনে কবিতা, নাচ, গান, নাটকের ভাষায় শ্রদ্ধা জানানো হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের। স্মরণ করা হবে শহীদদের। সে সঙ্গে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন শপথ নেবেন সংস্কৃতিকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে আকাশে বেলুন উড়িয়ে স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জন্য একই সঙ্গে গৌরবের ও বেদনার। যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনার গৌরব আর এর জন্য অনেক মূল্য দেওয়ার বেদনা। এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে, বুদ্ধিজীবীদের নির্বোধ বলা হচ্ছে। শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা রেখে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সচেতন প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস না ভোলে, সেই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে।
উদ্বোধনের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অতিথিরা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে জাতীয় সংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। তার আরও গেয়ে শোনান হয়, ‘জয় বাংলা, বাংলার জয়’। কবিতা আবৃত্তি করেন তারিক সুজাত। ‘নোঙর তোলো তোলো’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যালোকের শিল্পীরা।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ফাহিম হোসেন চৌধুরী গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’। জাগো আর্ট সেন্টারের নৃত্যশিল্পীরা ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানের তালে নৃত্য পরিবেশন করেন। সঙ্গীতমঞ্চের শিল্পীরা গেয়ে শোনান ‘খোঁজ খোঁজ বাংলাদেশ’ ও ‘আমার দেশে হৃদয় মাঝে’। বহ্নিশিখার শিল্পীরা ‘গেরিলা গেরিলা, আমরা গেরিলা’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষ। দলীয় আবৃত্তি করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র ও স্বরবৃত্ত। একক আবৃত্তি করেন সাবিরা মাহাবুব জনি ও আয়েশা মনি। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসর। পথনাটক পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী।
শহীদ মিনারের পাশাপাশি আজ ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে একই অনুষ্ঠান। দলীয় সংগীত পরিবেশন করে ছায়ানট, গীত শতদল ও ভিন্নধারা। একক গান শোনান তানজিনা তমা, সর্দার রহমতউল্লাহ প্রমুখ। দলীয় আবৃত্তি করেন কণ্ঠশীলন, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি ও সংবৃতা। পথনাটক পরিবেশন করে ইউনিভার্সেল থিয়েটার ও সাত্ত্বিক নাট্য সম্প্রদায়।