সাংস্কৃতিক জোটের বর্ণিল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করে। ছবিটি কদম ফোয়ারার মোড় থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম
বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করে। ছবিটি কদম ফোয়ারার মোড় থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম

সংস্কৃতির শক্তিতে দেশে জঙ্গিবাদ ও মৌলবাদসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয়ে বিজয় শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘ঐক্য গড় বাংলাদেশ/সাম্প্রদায়িকতা হবে শেষ’ শীর্ষক আট দিনব্যাপী বিজয় উৎসবের চতুর্থদিনে আজ শুক্রবার বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দোয়েল চত্বর-কদম ফোয়ারা-মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ থেকে টিএসসি এসে শেষ হয় শোভাযাত্রাটি।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ সভাপতি ঝুনা চৌধুরী, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহম্মাদ সামাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।
শোভাযাত্রার উদ্বোধন করে রামেন্দু মজুমদার বলেন, এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। ১৯৭১ সালের এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি, আমাদের বীর বাঙালি বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছে। তিনি বলেন, এ বিজয় যেমন আমাদের গৌরবের তেমনই বিষাদেরও। কেননা, স্বাধীনতা বিরোধীরা বাদে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের এমন কোনো পরিবার নেই যে, কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সারা দেশে যে সব গণকবর চিহ্নিত হয়েছে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করার দাবি জানান রামেন্দু মজুমদার। তিনি বলেন, যে সকল নতুন নতুন গণকবর চিহ্নিত হচ্ছে সেগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কেননা, মহান মুক্তিযুদ্ধের এসব স্মৃতি-চিহ্নগুলোর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছিল তাদের জানতে পারবে।
এ বছর ২৭তম বারের মতো এই বিজয় উৎসব হচ্ছে উল্লেখ্য করে অনুষ্ঠানে বক্তৃতায় জোট নেতৃবৃন্দ বলেন, দেশ যখন যুদ্ধাপরাধী বিচারে মধ্যে দিয়ে কলঙ্ক মোচন করতে এগিয়ে চলেছে; ঠিক তখনই চিরকালীন অসাম্প্রদায়িক বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। তারাই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য এখনো দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করে চলেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শোভাযাত্রায় দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন জোটভুক্ত শতাধিক সংগঠনে কয়েক হাজার সংস্কৃতি-কর্মী ও সাধারণ মানুষ। সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা। স্বভাবতই প্রত্যাশা ভিন্ন কিছু দেখার। ভিন্ন কিছু নেওয়ার। তেমনই হয়েছে। তারই নমুনা-দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে ‘ঐক্য গড় বাংলাদেশ/সাম্প্রদায়িকতা হবে শেষ’ এর পক্ষে সমর্থন সূচক হাত চিহ্নে ব্যবহার। প্রায় সকলেরই হাতে ছিল কর্কশিটের তৈরি বিভিন্ন রঙের হাত চিহ্ন। দেশ থেকে সাম্প্রদায়িকতাকে দূর করার সমর্থনে ব্যবহৃত এসব হাত চিহ্নগুলো বিজয়ের আনন্দ ও চেতনা পৌঁছে দিতে নাটক, গান, আবৃত্তি ও নৃত্যাঙ্গনের মানুষেরা নিজেদের রাঙিয়েছে যারপরনাই নাই বৈচিত্র্যময়তায়। লোকজ আঙ্গিকে পোশাক পরে উল্লাসে মেতেছিলেন বেশ কয়েকজন যাত্রাশিল্পী। তাদের সঙ্গে ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী গান-স্লোগান। এ ছাড়া বিজয় উৎসবের চতুর্থ দিন শুক্রবার জোটের আয়োজনে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর, উত্তরাসহ একযোগে বেশ কয়েকটি মঞ্চে ছিল বর্ণিল অনুষ্ঠানমালা।