সাংস্কৃতিক জোটের 'অমর একুশে অনুষ্ঠানমালা' কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৪ দিনব্যাপী ‘অমর একুশের অনুষ্ঠানমালা’র আয়োজন করেছে। আগামীকাল বুধবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এবারের আয়োজনের মর্মবাণী ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।

৮ থেকে ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে অমর একুশের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোট সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ‘একুশের দুটো তাৎপর্য রয়েছে। একটি সাংস্কৃতিক, অন্যটি রাজনৈতিক। মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম শুরু করেছিলাম। সেই সংগ্রাম এখনো চলছে। অন্যদিকে, বাংলা ভাষা ও তার সংস্কৃতিকে লালন করার সংগ্রামও আমাদের করতে হচ্ছে। আমরা এখনো সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারিনি।’

উৎসবের মর্মবাণী প্রসঙ্গে গোলাম কুদ্দুছ বলেন, ‘সাম্প্রদায়িকতার ভিত্তিতে গোটা জাতিকে আজ দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র চলছে, চলছে সহিংসতা। তার বিপরীতে আমরা সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। তাদের মধ্যে মৈত্রীর বন্ধনকে আরও দৃঢ়তর করতে চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জাতীয়ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, দলীয় নৃত্য, শিশু-কিশোর পরিবেশনা, পথনাটক।