সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলনে ঢাকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিন দিনের মন্ত্রী পর্যায়ের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলন। ঘোষণায় উন্নয়ন কর্মকাণ্ডে সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিক্ষা ও শিল্প-সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর যৌথ উদ্যোগে গত বুধবার থেকে শুরু হয়েছিল জাঁকজমক এই আয়োজন। এতে নানা পর্বে সেমিনার ও আলোচনার পাশাপাশি ছিল সংশ্লিষ্ট দেশগুলোর শিল্পীদের অংশগ্রহণে বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান।ঢাকা ঘোষণায় বলা হয়, ‘ধারাবাহিকভাবে মানব উন্নয়নের জন্য আঞ্চলিক পর্যায়ে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা থাকা একান্ত জরুরি।’ ২০০৫ সালে গৃহীত ইউনেসকো কনভেনশনে অনুস্বাক্ষরের জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া সংস্কৃতির বিকাশে অংশীদারিমূলক পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সাংস্কৃতিক অভিব্যক্তির বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান আরও বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক ও উদ্ভাবনীমূলক বিভিন্ন শিল্পের পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের অবস্থার উন্নয়ন ঘটানো জরুরি। এ ছাড়া এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় আরও বৃদ্ধি করা উচিত।’ঢাকা ঘোষণায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘২০০৫ সালে গৃহীত ইউনেসকো কনভেনশনে অনুস্বাক্ষরের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে; সাংস্কৃতিক অভিব্যক্তির বৈচিত্র্য বিকাশে তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের পাশাপাশি নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে; সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে অংশীদারিমূলক স্বচ্ছ পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং সাংস্কৃতিক ও উদ্ভাবনীমূলক শিল্পে কর্মরত পেশাদারদের মধ্যে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।’গতকাল শুক্রবার সমাপনী দিনের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যান বিদেশি প্রতিনিধিরা। সেখানে তাঁরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিকেলে সম্মেলনের সমাপনী পর্বে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ‘ঢাকা ঘোষণা’সহ পুরো সম্মেলনের কার্যক্রম তুলে ধরেন।