সাংস্কৃতিক সেতুবন্ধে হিপ হপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা কিছুক্ষণের জন্য হয়ে গেলেন ডিজে! l ছবি: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা কিছুক্ষণের জন্য হয়ে গেলেন ডিজে! l ছবি: প্রথম আলো

শনিবার সন্ধ্যার ইএমকে সেন্টার ছিল অন্য রকম। এ যেন হিপ হপ সন্ধ্যা। বাংলাদেশের তরুণেরা তখন হিপ হপ অনুশীলন করছিলেন। অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যা ছয়টার একটু পর, যখন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এসে উপস্থিত হলেন। কিছুটা বক্তৃতা। চারজনের একটি দল এসেছে মার্কিন মুলুক থেকে—যারা হিপ হপ পরিবেশন করবে বাংলাদেশে।

এটা ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচি ‘নেক্সট লেভেল’-এর উদ্বোধনী অনুষ্ঠান। বক্তৃতাপর্বের পর হিপ হপ নৃত্যের তালে এ দেশের তরুণদের সঙ্গে মেতে ওঠেন নৃত্য পরিচালক আমিরাহ স্যাকেট। এরপর হিপ হপ গান পরিবেশন করেন গীতিকার ও প্রযোজক জসেলিন এলিস। এই দুজন ছাড়াও বাংলাদেশের তরুণ নাচিয়েদের উৎসাহিত করতে ১০ দিনের সফরে বাংলাদেশে আরও এসেছেন খ্যাতনামা হিপ হপ শিল্পী ও শিক্ষাবিদ গ্যাব্রিয়েল ‘আশেরু’ বেন এবং শিক্ষাবিদ ও ডিস্ক জকি আন্দ্রে ‘ডিজে এ-মাইনর’ বার্ডেন। এ দেশের হিপ হপ নাচিয়েদের নাচ দেখে মুগ্ধ হন তাঁরা।

অনুষ্ঠান শেষে একান্ত আলাপচারিতায় ড্যান মজীনা জানালেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে নানা দেশের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ রচনা করা। তিন বছর ধরে আমি এটাই করে চলেছি এবং আমি বিশ্বাস করি, এভাবেই আরও ভালো পৃথিবী গড়ে তুলতে আমরা সক্ষম হব।’

গ্যাব্রিয়েল ‘আশেরু’ বেনকে বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণেরা ইতিমধ্যেই হিপ হপ সংস্কৃতির সঙ্গে পরিচিত। আমরা তাঁদের সহযোগিতা করতে এসেছি, আমরা যা শিখেছি, তা এখানে ছড়িয়ে দেওয়াও বাংলাদেশ সফরের লক্ষ্য। আমি বাংলাদেশ থেকেও শিখতে এসেছি। পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশের হিপ হপ ভক্তদের জন্য সুখবর, ১৭ নভেম্বর সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে এই অতিথি হিপ হপ দলের সংগীত পরিবেশনায় মুখরিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় মিলনায়তন।

‘সাহস রিটার্নস’

অনুষ্ঠানের শুরুর গান দিয়েই বোঝা গেল, সাহস ভালো গান গান। দর্শক-শ্রোতাদের পুরো এক ঘণ্টা মাতিয়ে রাখলেন সুরের জাদু দিয়ে। গতকাল শনিবার টিএসসি মিলনায়তন সন্ধ্যা ছয়টায় শুরু হয় তরুণ শিল্পী সাহস মোস্তাফিজের গানের সিডির প্রকাশনা উৎসব ও একক সংগীতসন্ধ্যা।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

মায়ের আশীর্বাদ নিয়ে শিল্পী সাহস গান শুরু করেন। টানা এক ঘণ্টায় তিনি গেয়ে শোনান রবীন্দ্রনাথ, নজরুল, গগন হরকরা, লালনের গান; মান্না দে, সতীনাথসহ বিখ্যাত সব শিল্পীর গান।

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর ‘আমি তোমাকেই বলে দেব’ গানটি সুললিত কণ্ঠে গেয়ে শোনান সাহস। এ ছাড়া বাবা এ কে এম মোস্তাফিজুর রহমানের ‘ছেঁড়া কাগজের মত’ গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের। একক সংগীতসন্ধ্যায় সাহস নিজের কথা ও সুরে গাইলেন ‘বাড়ি ফেরার পথে ঝুলতে থাকা চৈতালির গেট’ গানটি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গানের সিডির মোড়ক উন্মোচন। মোট ১২টি গান দিয়ে সাহস রিটার্নস সিডির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত অতিথিদের দীর্ঘ শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠানটিকে প্রলম্বিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহসের পরিবার, স্বজন, বন্ধু, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক মাজহারুল ইসলাম।