সাইকে নিয়ে কমিক বই
গ্যাংনাম স্টাইলখ্যাত দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাইকে নিয়ে প্রকাশিত হয়েছে কমিক বই ‘ফেম: সাই’।রংচঙে বইটিতে সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ তারকা হয়ে ওঠার পেছনের গল্প তুলে ধরা হয়েছে। আজ বুধবার থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়েছে বইটির। এ বই যৌথভাবে বাজারে এনেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান ‘অ্যাবল’ ও যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা ব্লুওয়াটার প্রোডাকশনস। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।‘গ্যাংনাম স্টাইল’ গানের ভিডিওতে অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে সাইয়ের অদ্ভুত ভঙ্গিমার নাচ দেখে মুগ্ধ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ। কমিক বইয়েও সাইকে দেখা গেছে সেই ভঙ্গিমায়। তিনি কি স্বর্গ থেকে নেমেছেন? কমিক বইয়ের শুরুতেই করা হয়েছে এমন প্রশ্ন। বইটির চিত্রিত ছবিতে দেখা গেছে, তিনি ‘গ্যাংনাম স্টাইল’ গানের বিখ্যাত সেই জ্যাকেট ও কালো চশমা পরে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসছেন।‘গ্যাংনাম স্টাইল’ গানের কল্যাণে রাতারাতি আন্তর্জাতিক তারকাখ্যাতি পাওয়ার আগে নিজ দেশে সাইয়ের এক দশকের ক্যারিয়ার কেমন ছিল তারও সংক্ষিপ্ত একটি বর্ণনা ঠাঁই পেয়েছে বইটিতে। গানটির মিউজিক ভিডিও তৈরির খুঁটিনাটি নানা বিষয় ও অদ্ভুত নাচটির উত্পত্তি সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।গানটি প্রকাশের পর সাইয়ের ব্যাপক সাফল্যের প্রমাণ হিসেবে চিত্রিত হয়েছে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে গ্যাংনাম নাচ শেখানোর দৃশ্য। মাদকাসক্তিসহ সাইয়ের অতীত জীবনের কিছু অন্ধকার অধ্যায়ও চিত্রিত হয়েছে। পাঠকদের জন্য গ্যাংনাম নাচ শেখার সহজ কিছু উপায়ও বাতলে দেওয়া হয়েছে বইটিতে।গত বছরের জুলাই মাসে ‘গ্যাংনাম স্টাইল’ মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১৫০ কোটি মানুষ সেটি দেখেছে। এর মধ্য দিয়ে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে ইতিহাস গড়েছে ‘গ্যাংনাম স্টাইল’। এ মাসে প্রকাশিত হয়েছে সাইয়ের আরেকটি গান ‘জেন্টেলম্যান’। ইউটিউবে পোস্ট করার প্রথম দিনেই গানটির ভিডিও দেখেছে প্রায় দুই কোটি মানুষ। এর মাধ্যমে ইউটিউবে এক দিনে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে ‘জেন্টেলম্যান’। গানটির ভিডিওতে সাইয়ের বিতর্কিত কিছু কর্মকাণ্ড চিত্রিত হওয়ায় দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হলেও দিন দিন বেড়েই চলেছে এর দর্শকসংখ্যা। এ ছাড়া গত সপ্তাহে বিলবোর্ডের সেরা ১০০ গানের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে সাইয়ের ‘জেন্টেলম্যান’।