সাইদুর রহমান ৫ প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মঞ্চে এল বেহুলা নাটকটি। এই পালা নাটকটি নেওয়া হয়েছে পূর্ববঙ্গ গীতিকা থেকে। বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে চার দিন ধরে নাটকটির মঞ্চায়ন শুরু হয়েছে। এর নির্দেশনার কাজটি করেছেন সাইদুর রহমান। সাইদুর রহমান লিপন নামেই তিনি পরিচিত। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।সেন্টার ফর এশিয়ান থিয়েটার ‘বেহুলা’ নাটকটি প্রথম আপনার নির্দেশনায় মঞ্চে আনে?২০০০ সালে প্রথম নাটকটি সেন্টার ফর এশিয়ান থিয়েটারের ব্যানারে মঞ্চে আসে। নাটকটি দীর্ঘদিন মঞ্চে ছিল। দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছিল নাটকটি।নতুন করে আবার নাটকটির নির্দেশনা দিলেন যে!এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার নিজ বিভাগ নাট্যকলা বিভাগ থেকে নাটকটি মঞ্চে আনা হলো। আমি তো নিজে এখানে দেশজ নাট্যকলা পড়াই। বেহুলার তাত্ত্বিক, ব্যবহারিক—দুটোই আছে। বিভাগের ছাত্রছাত্রীদের ব্যবহারিক হিসেবে নাটকটি করা হলো।নাটকটি কি নিয়মিত মঞ্চায়ন হবে?নিয়মিত হবে না। সর্বোচ্চ ছয় মাস হয়তো মঞ্চে থাকবে। কেননা, যেসব ছাত্রছাত্রী নাটকটি করছে, তারা পাস করে বের হয়ে গেল আর এটির মঞ্চায়ন হবে না। আপনাকে মঞ্চে অভিনয়ে দেখা যাচ্ছে না কেন?অভিনয় করি, তবে কম। কিছুদিন আগে শিল্পকলার নিজস্ব প্রযোজনা গাজী কালু, দশরূপক দলের বিসর্জন নাটকে কাজ করলাম। আপনি কি এখনো ঢাকা থিয়েটারের হয়ে কাজ করছেন?আমি একসময় ঢাকা থিয়েটারের হয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু নিয়মিত নয়। তবে সম্পর্ক ভালো। ঢাকা থিয়েটারের বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই। যেহেতু নিয়মিত নই, তাই সেখানে আর কাজ করা হয় না।