সাইফ অদর্শনে কাতর কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং যে যার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এমনকি ছবির শুটিংয়ের জন্য ভারতের আলাদা দুটি শহরে থাকতে হচ্ছে বলিউডের এ তারকা দম্পতিকে। এই দূরত্বের জন্য সাইফকে অনেক ‘মিস’ করছেন বলেই জানিয়েছেন কারিনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ১৬ অক্টোবর বিয়ের পর্ব সারেন বলিউডের আলোচিত তারকা যুগল সাইফ-কারিনা। বিয়ের পর সময় পেরিয়েছে মাত্র ছয় মাস। বর্তমানে পেশাগত কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হচ্ছে তাঁদেরকে। ভোপালে প্রকাশ ঝাঁ’র ‘সত্যাগ্রহ’ ছবির শুটিং করছেন কারিনা। আর টিগমাংশু ঢুলিয়ার ‘বুলেট রাজা’ ছবির শুটিংয়ের কাজে লক্ষেৗ আছেন সাইফ। জানিয়েছে ‘মিড-ডে’। সম্প্রতি ‘সত্যাগ্রহ’ ছবির শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় কারিনা বলেন, ‘সাইফকে অনেক মিস করছি আমি। শুটিং শেষ করে কবে আবার পরিবারের সবার সঙ্গে দেখা করতে পারব—এই প্রতীক্ষায় দিন গুনছি। তবে ছবির শুটিংয়ের কাজে ভোপাল এসে শহরটিকে ঘুরে দেখার সুযোগ পেয়ে মন্দ লাগছে না।’এ ছাড়া ‘সত্যাগ্রহ’ ছবির সহ-শিল্পী অমিতাভ বচ্চনের কাছ থেকে অভিনয়ের পরামর্শ নিতে পেরে কারিনা বেশ খুশি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অমিতাভকে অনেক শ্রদ্ধা করেন কারিনা। কোনো দৃশ্যে অভিনয়ের আগে অমিতাভের সঙ্গে আলোচনা করে নিচ্ছেন তিনি, আর অমিতাভও বেশ আগ্রহ নিয়েই তাঁকে পরামর্শ দিচ্ছেন।