সাইফ আলী খানের অফিসে দুর্ধর্ষ চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

পতৌদির নবাব, বলিউডের অভিনেতা ও প্রযোজক সাইফ আলী খানের ইলুমিনাতি ফিল্মস প্রাইভেট লিমিটেড অফিসের নয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র খোয়া গেছে। সেগুলো চুরি করেছেন সাইফের অফিসেরই দুই কর্মচারী। পরে অবশ্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সাইফের অফিসের সংস্কার কাজ শুরু হলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আসবাবপত্রসহ আরও বিভিন্ন সামগ্রী সাইফের বাসার বেসমেন্টে রাখা হয়েছিল। সংস্কার কাজ শেষে সেগুলো অফিসে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় দুই কর্মচারী সুনীল সোলাঙ্কি এবং সুভাষ সাহুকে। এক পর্যায়ে সাইফের ব্যক্তিগত সহকারী নাজিয়া আলী খান লক্ষ্য করেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো খোয়া গেছে। সঙ্গে সঙ্গে খার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন নাজিয়া। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
পরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় গ্রেপ্তার করা হয় ২২ বছর বয়সী সুনীল ও ২০ বছর বয়সী সুভাষকে। পুলিশি জেরার মুখে চুরির কথা স্বীকার করেন তাঁরা। মাত্র ৩৫ হাজার রুপিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো এক চোরাই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন বলেও জানান তাঁরা।
সুভাষ দাবি করেছেন, সামান্য বেতনে চাকরি করেন তিনি ও সুনীল। তাঁদের মাসিক আয় মাত্র পাঁচ হাজার রুপি। চুরির পক্ষে সাফাই দিতে গিয়ে সুভাষ বলেন, ‘আমার বোন অসুস্থ। বোনের চিকিত্সার জন্য আমি বেতনের অগ্রিম কিছু টাকা চেয়েছিলাম। কিন্তু আমাকে তা দেওয়া হয়নি। এজন্য আমার বন্ধু সুনীলের সঙ্গে মিলে চুরি করার সিদ্ধান্ত নিই।’

এদিকে, খোয়া যাওয়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলো উদ্ধারের জন্য সুভাষ ও সুনীলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।