সাইফ-কারিনার বর্ষবরণ

নতুন বছরের প্রথম দিনটি দেশের বাইরেই কাটান তাঁরা। বলিউডের তারকা দম্পতি সাইফ আর কারিনা। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। অবকাশ যাপনের জন্য তাঁদের প্রিয় দেশ সুইজারল্যান্ড আর প্রিয় শহর সে দেশের শহর গাস্তাদ। বিগত কয়েক বছরের মতো এবারও সুইজারল্যান্ডের গাস্তাদে নতুন বছরকে বরণ করে নেবেন সাইফ-কারিনা।
সম্প্রতি সুইজারল্যান্ডের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। প্রায়ই সেখানে বেড়াতে যান তাঁরা। কয়েক বছর ধরেই সেখানে বর্ষবরণ উত্সব উদযাপন করছেন তাঁরা। সম্প্রতি সুইজারল্যান্ড যাওয়ার সময় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে এ জুটিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
টানা পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের অক্টোবরে বিয়ের পর্ব সারেন সাইফ-কারিনা। এরই মধ্যে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন পতৌদির নবাব সাইফ ও তাঁর বেগম কারিনা কাপুর খান। স্ত্রীকে খুশি করার জন্য সাধ্যমতো সবকিছুই করে যাচ্ছেন সাইফ।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কারিনা প্রতিবছর বর্ষবরণ উত্সব উদযাপনের সময়টাতে সুইজারল্যান্ডে নিয়ে যেতে বলেছেন সাইফকে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারিনা এমনটা করতে চান। কারিনার ইচ্ছে বলে কথা! শত ব্যস্ততা থাকলেও বছর শেষে ঠিকই সব কাজ গুছিয়ে নেন সাইফ-কারিনা দুজনেই। নতুন বছরকে বরণ করে নিতে চলে যান গাস্তাদে। শুধু তা-ই নয়, নির্দিষ্ট একটি হোটেলেই তাঁরা ওঠেন। সুইজারল্যান্ডের মনোরম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে ও হই-হুল্লোড় করে উদযাপন করেন বর্ষবরণ উত্সব।
অবকাশযাপনের প্রিয় জায়গা কোনটি, জানতে চাইলে কারিনা একবার বলেছিলেন, ‘কেউ যদি আমার মাথায় বন্দুক রেখেও এই প্রশ্ন জিজ্ঞেস করে তবে আমার উত্তর হবে সুইজারল্যান্ডের গাস্তাদ। জায়গাটিকে স্বর্গ বলেই মনে হয় আমার কাছে। জায়গাটিতে বার বার ফিরে যেতে আমার অনেক ভালো লাগে।’ এমনকি সেখানে বাড়ি কেনার আগ্রহের কথাও জানিয়েছিলেন কারিনা।