সাইফ-কারিনার বিয়ের নেপথ্যে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর। এরই মধ্যে তাঁরা মধুচন্দ্রিমার পর্ব সেরেছেন। বিয়ের তিন মাস পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি এক সাক্ষাত্কারে কারিনাকে বিয়ের পেছনের কারণ ব্যাখ্যা করলেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ। বিয়ের আগে এক সাক্ষাত্কারে কারিনা বলেছিলেন, তাঁর কাছে সাইফকে বিয়ে করার অর্থ স্রেফ এক টুকরো কাগজে সই করা ছাড়া আর কিছুই নয়। এমন মন্তব্যের পরও বেশ ঘটা করেই কারিনাকে বিয়ে করেন সাইফ। কারিনাকে বিয়ের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাইফ বলেন, ‘সবচেয়ে বড় সত্য হলো, আমাদের সবাইকে সামাজিকতা রক্ষা করে চলতে হয়। অর্থবিত্তের মালিক হলে সমাজের প্রথা খুব বেশি তোয়াক্কা না করে স্বাধীনভাবে জীবন-যাপন হয়তো করা যায়; কিন্তু তার পরও সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। সাইফ আরও বলেন, ‘আমাদের দেশে ভালোবাসার মানুষকে প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দিলে সবার মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয়, আর স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলে প্রতিক্রিয়া হয় আরেক রকম। এই দুই প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বিস্তর ফারাক।’