সাইফিনার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু (ভিডিও)
অবশেষে বেজে উঠেছে বছরের সবচে আলোচিত বিয়ের ঘণ্টাটি। গত ১৪ অক্টোবর রোববার সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভারতীয় বিয়ের রীতি অনুযায়ী গতকাল বান্দ্রায় কনে কারিনা কাপুরের বাড়িতে সম্পন্ন হয়েছে ‘সংগীত’ অনুষ্ঠান।বিয়ের মূল অনুষ্ঠানের আগে আনন্দঘন এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত কনের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ-গানে মেতে ওঠেন সবাই।সাইফ-কারিনার পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ও সহকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান। সেখানে সাদা রংয়ের পোশাকে দেখা গেছে সাইফকে। আর কারিনার পরনে ছিল কমলা রংয়ের লেহেংগা। এক খবরে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। সংবাদকর্মীরা যাতে এই অনুষ্ঠানের ছবি তুলতে না পারেন, সেজন্য রাখ-ঢাকের কোনো কমতি ছিল না। এমনকি বাড়ির বাইরের অংশ থেকেও যাতে ছবি তোলা না যায়, সে উদ্দেশে বাড়ির বারান্দা পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল।সাইফের আত্মীয়দের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর প্রথম পক্ষের মেয়ে সারা, দুই বোন সোহা এবং সাবা। সোহার প্রেমিক ও বলিউডের অভিনেতা কুনাল খেমুও হাজির ছিলেন। অনুষ্ঠানে রণবীর কাপুর উপস্থিত না থাকলেও, তাঁর মা নিতু সিংয়ের উপস্থিতি সবাইকে একটু অবাকই করেছে। কারণ দীর্ঘদিন ধরে কারিনার মা ববিতা এবং নিতুর মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। নিতুর এ উপস্থিতির মাধ্যমে তার অবসান ঘটল বলেই মনে করছেন সবাই। অনুষ্ঠানে রাজ কাপুরের মেয়ে রীমার ছেলে আরমান জৈনও উপস্থিত হয়েছিলেন।কারিনার বন্ধু ও সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরা খান, অমৃতা অরোরা, নির্মাতা করণ জোহর এবং ডিজাইনার মনিষ মালহোত্রা।যদিও মূল বিয়ের অনুষ্ঠানটি কবে হবে, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি পতৌদি কিংবা কাপুর পরিবারের পক্ষ থেকে। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত মা শর্মিলার পূর্ব ঘোষিত তারিখেই গাঁটছড়া বাঁধছেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলি খান। ১৬ অক্টোবর মঙ্গলবার দীর্ঘদিনের প্রেমিকা কারিনা কাপুরকে বিয়ে করবেন তিনি।