সাইফের কাঁধেই দায়িত্ব দিলেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত হবু বর সাইফ আলী খানের কাঁধেই বিয়ের তারিখ ঘোষণার দায়িত্ব দিয়েছেন পতৌদি পরিবারের হবু বধূ ও বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। ২৫ জুলাই সন্ধ্যায় ‘হিরোইন’ ছবির বিজ্ঞাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিয়ের তারিখ নিয়ে তাঁকে প্রশ্ন করলে লজ্জায় লাল হয়ে কারিনা জানান, এ দায়িত্ব তিনি সাইফের কাঁধেই ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘আমাদের বিয়ের তারিখ জানতে হলে সাইফের জন্য অপেক্ষা করতে হবে। সময় হলে সে-ই সবাইকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেবে। এ মুহূর্তে আমার সব মনোযোগ ছবিতেই ঘুরপাক খাচ্ছে। আমি আরও দীর্ঘ সময় অভিনয় চালিয়ে যেতে চাই।’ এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি। প্রসঙ্গত, সাইফের মা শর্মিলা ঠাকুর বহুল আলোচিত এ বিয়ের তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করে ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই পতৌদির বর্তমান নবাব ও বলিউডের অভিনেতা সাইফ জানিয়েছিলেন, বিয়ের তারিখ তখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে সাইফ বলেছিলেন, ‘এ মুহূর্তে বিয়ের তারিখ নিশ্চিত করে বলতে পারছি না। তবে আশা করছি, আগামী দুই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারব।’ সাইফ আরও বলেছিলেন, ‘বিয়ের তারিখ চূড়ান্ত হলে আমি নিজের উদ্যোগেই সবাইকে তা জানিয়ে দেব। এই মুহূর্তে আমার সকল ধ্যান-জ্ঞান “ককটেল” ছবি নিয়ে। সবার উদ্দেশে বলছি, পেশাজীবন ও ব্যক্তিজীবন গুলিয়ে ফেলতে চাই না।’পাঁচ বছর ধরে প্রেমের সাগরে ভাসছেন বলিউডের বহুল আলোচিত তারকাযুগল সাইফ ও কারিনা। বিয়ে নিয়ে বরাবরই লুকোচুরি খেলেছেন কারিনা। গত ফেব্রুয়ারিতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে কারিনা বলেছিলেন, ‘এ বছরের শেষভাগের আগে কোনো বিয়ে নয়।’এদিকে, বিয়ের আগেই ক্যারিয়ারে মন্দা দেখা দিয়েছে কারিনার। সাইফ-কারিনার বিয়ের খবর জানার পর সঞ্জয় লীলা বনসালি তাঁর ‘রামলীলা’ ছবি থেকে বাদ দিয়েছেন কারিনাকে। ‘চেন্নাই এক্সপ্রেস’সহ করন জোহরের ধর্ম প্রোডাকশনের পরবর্তী ছবি থেকেও বাদ পড়েছেন তিনি। এ ছবিতে শাহরুখের বিপরীতে কাজ করার কথা ছিল কারিনার।