সাইফের নতুন ছবিতে নতুন কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ-কারিনা
সাইফ-কারিনা

সম্প্রতি পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান তাঁর প্রযোজিত পরবর্তী ছবিতে স্ত্রী কারিনা কাপুর খানের অভিনয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন। সাইফের ইলুমিনাতি ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে কারিনাকে অতিথি চরিত্রে দেখা যেতে পারে বলেই জানিয়েছেন এ তারকা অভিনেতা।
এ প্রসঙ্গে ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিকে সাক্ষাত্কার দেয়ার সময় সাইফ বলেন, ‘কারিনা যদি আমার ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করে তবে তা দর্শকদের অবাক করবে বলেই আমার ধারণা। কারণ এখন পর্যন্ত আমার কোনো ছবিতেই তাঁকে অতিথি চরিত্রে দেখা যায়নি।’ সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
‘তাশান’, ‘ওমকারা’, ‘কুরবান’, ‘এজেন্ট বিনোদ’ ছবিতে একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন সাইফ-কারিনা। কিন্তু পর্দায় এ জুটি খুব বেশি সফল হয়নি। গত বছর মুক্তি পায় সাইফ-কারিনা অভিনীত বিশাল বাজেটের স্পাই-থ্রিলারধর্মী ছবি ‘এজেন্ট বিনোদ’। কিন্তু সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সাইফ ছবিটি তৈরির পেছনে যে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করেছিলেন তা তুলতেও ব্যর্থ হন।
পরবর্তী সময়ে সাইফ জানিয়েছিলেন, কারিনার সঙ্গে আর কোনো ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন না। মাসখানেক আগে সাইফের সঙ্গে সুর মিলিয়ে একইরকম তথ্য জানিয়েছিলেন কারিনাও। তিনি বলেছিলেন, ‘সাইফের মতে, পর্দায় সাইফ-কারিনা জুটিকে দর্শক খুব একটা পছন্দ করে না। এজন্য সে আমার সঙ্গে জুটি বাঁধার পরিবর্তে অন্যান্য অভিনেত্রীদের নিয়েই ব্যস্ত আছে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে সাইফের সঙ্গে জুটি বেঁধেছেন ‘বরফি’ তারকা ইলিয়ানা ডি’ক্রুজ। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘গো গোয়া গান’ ছবির পরিচালক জুটি রাজ এবং কৃষ্ণ ডি.কে। ছবিটির ছোট একটি চরিত্রে প্রীতি জিনতারও অভিনয়ের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ছবিটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।