সাইফের নতুন ছবির পোস্টার প্রত্যাহারের দাবি
বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খান প্রযোজিত ‘গো গোয়া গান’ ছবির পোস্টার নিয়ে সম্প্রতি আপত্তি তুলেছে একটি এনজিও। ছবির পোস্টারে সাইফের মুখে চুরুট দেখা যাওয়ায় পোস্টার প্রত্যাহারের দাবি জানিয়েছে ন্যাশনাল অরগানাইজেশন ফর টোব্যাকো ইরাডিকেশন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণ ডি কে পরিচালিত ‘গো গোয়া গান’ ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সাইফ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১০ মে। সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। জানিয়েছে পিটিআই। সাইফকে ছবিটির পোস্টার প্রত্যাহারের দাবি জানিয়ে ন্যাশনাল অরগানাইজেশন ফর টোব্যাকো ইরাডিকেশনের সাধারণ সম্পাদক শেখর সালকার বলেন, ‘ধূমপানের কুফল সম্পর্কে আপনি ভালো করেই অবগত আছেন। আপনার অগণিত ভক্ত আপনাকে অন্ধের মতো অনুসরণ করেন। ‘‘গো গোয়া গান’’ ছবির পোস্টারে আপনার মুখে চুরুট দেখার পর তাঁদের অনেকেই এ অভ্যাস রপ্ত করবে। এভাবে তাঁরা ক্যানসার এবং অকালমৃত্যুর দিকে ধাবিত হবে।’ শেখর আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, সম্প্রতি বুক ব্যথায় আক্রান্ত হওয়ার পর আপনি ধূমপান ছেড়ে দিয়েছেন। অসুস্থতার খবর জানার পর আপনার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন যেসব ভক্ত, তাঁদেরকে নিশ্চয়ই মৃত্যুর মুখে ঠেলে দিতে চান না আপনি!’ এই প্রথম জোম্বি-কমেডিধর্মী ছবি বলিউডের দর্শকদের উপহার দিচ্ছেন সাইফ। ছবিটি নির্মিত হয়েছে ব্রিটিশ ও মার্কিন জোম্বি-কমেডি ছবি ‘শন অব দ্য ডেড’ এবং ‘জোম্বিল্যান্ড’-এর ছায়া অবলম্বনে। ‘গো গোয়া গান’ ছবিতে জোম্বি শিকারির চরিত্রে দেখা যাবে সাইফকে। প্রসঙ্গত, জোম্বি হলো এক ধরনের কাল্পনিক মৃত মানুষ, যাদেরকে কবর থেকে তুলে নিয়ে এসে বিশেষ উদ্দেশ্যে বিশেষ পদ্ধতির মাধ্যমে জীবিত করে তোলা হয়। পশ্চিমা দেশগুলোতে এই বিষয়কে কেন্দ্র করে নির্মিত অসংখ্য টিভি সিরিজ, চলচ্চিত্র এবং ভিডিও গেমস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।