সাইফের প্রশংসায় পঞ্চমুখ কারিনা

আগামী মাসে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বিয়ের এক বছর পূর্তি হচ্ছে। এক বছর ধরেই সুখে সংসার করছেন বলিউডের আলোচিত এ তারকা দম্পতি। সম্প্রতি সাইফের উদার মনোভাব, দায়িত্বশীল আচরণসহ আরও নানা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পতৌদির নবাব পরিবারের বউ কারিনা।
সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজে দেওয়া এক সাক্ষাত্কারে কারিনা বলেন, ‘সাইফ প্রচণ্ড দায়িত্বশীল একজন মানুষ। সে নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। চিন্তাধারার ক্ষেত্রে সে খুবই উদার। আধিপত্যপ্রবণ শব্দটি তার সঙ্গে একদমই যায় না। বরং সাইফের চেয়ে আমিই বেশি আধিপত্যপ্রবণ।’
পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন সাইফ-কারিনা। বিয়ের পর ভালোবাসার রং ফিকে হয়ে যায় কি না, এমন প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘অনেকের ধারণা, বিয়ের আগের ও পরের জীবনে নাকি বিস্তর ফারাক। পছন্দের মানুষটি নাকি ধীরে ধীরে পাল্টে যায়। কিন্তু আমার মনে হয়, এটা স্রেফ গতানুগতিক ও অনাধুনিক একটি ধারণা। সাইফ গতানুগতিক ধারায় বিশ্বাসী নয়। আমাদের ভেতর বোঝাপড়াটা দারুণ। এ জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আমি।’
এখন পর্যন্ত বলিউডের অনেক প্রতিভাবান অভিনেত্রীই বিয়ের পর অভিনয় ছেড়ে ঘরসংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এই দলে নাম লেখাতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন কারিনা কাপুর খান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘অভিনয় ছাড়ার কোনো রকম পরিকল্পনা আমার নেই। সবমসময় আমি সেটাই করেছি যা আমার কাছে ঠিক মনে হয়েছে। ভবিষ্যতেও আমি এমনটাই করব।’
বিয়ের পর পেশাজীবনে কোনো সীমাবদ্ধতা এসেছে কি না, জানতে চাইলে কারিনার সোজাসাপ্টা জবাব, ‘আমার প্রথম পরিচয়, আমি একজন অভিনয়শিল্পী। চরিত্রের প্রয়োজনে যেকোনো কিছু করতে রাজি আছি আমি। আমার বিশ্বাস, এ বিষয়ে সব অভিনয়শিল্পীই আমার সঙ্গে একমত হবেন। বলিউডে অনেক পরিবর্তন এসেছে। প্রগতিশীল চিন্তাধারার অনেক মানুষ এখন আমাদের এই শিল্পের সঙ্গে যুক্ত।’
কারিনা আরও বলেন, ‘চলচ্চিত্রের গল্প কিংবা চরিত্রের প্রয়োজনে একজন অভিনয়শিল্পীকে অনেক কিছুই করতে হয়। আমাকে প্রাসঙ্গিক কিছু করতে বলা হলে অবশ্যই আমি তা করব। আর যদি তা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়, তবে না বলতে একটুও বাধবে না আমার।’
১৩ বছর আগে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল কারিনার। পরবর্তী সময়ে ‘চামেলি’, ‘ফ্যাশন’, ‘ওমকারা’, ‘হিরোইন’সহ বিভিন্ন ছবিতে ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয় করেছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। কারিনার মতে, ‘ছবির চরিত্র নিয়ে নীরিক্ষা করাটা একজন অভিনেত্রীর দায়িত্বের মধ্যেই পড়ে। আমি সব সময় ভিন্ন ধাঁচের ছবিতে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার বিষয়টিই প্রাধান্য দিয়েছি। আমার ধারণা, আমি সেটা প্রমাণও করেছি। সত্যিই আমি অভিনয়কে দারুণ উপভোগ করি। যত দিন সম্ভব, চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যেতে চাই আমি।’