সাইফের ‘গো গোয়া গন’-এর খিস্তিতে চটেছেন শর্মিলা
‘গো গোয়া গন’ চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে অভিনেতা সাইফ আলী খানকে প্রচুর গালিগালাজ ও বাজে শব্দ উচ্চারণ করতে হয়েছে। ছবিতে হলেও এ ধরনের গালিগালাজ পছন্দ হয়নি সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরের। সাইফের ওপর চটেছেন তিনি।সম্প্রতি পিটিআইকে সাইফ আলী খান জানান, ‘আমার মা মনে করেন, চলচ্চিত্রেও বাজে শব্দ ব্যবহার করা ঠিক নয়। তিনি ভাষার ব্যবহার নিয়ে খুব সচেতন।’চলচ্চিত্রের প্রয়োজনে গালিগালাজ করার বিষয়টা শর্মিলা ঠাকুরের অপছন্দ হলেও সাইফ-পত্নী কারিনা কাপুর অবশ্য সাইফকেই সমর্থন করছেন। সাইফ সমর্থন পেয়েছেন তাঁর বোন সোহা আলী খানের কাছ থেকেও। এই সমর্থনের পেছনে অবশ্য রয়েছে আরেকটি কারণ। আর তা হলো, সোহার ঘনিষ্ঠ বন্ধু কুনাল খেমু একই চলচ্চিত্রে অভিনয় করছেন।‘গো গোয়া গন’ ছবিতে সাইফকে বরিস নামের একজন রুশ মাফিয়ার চরিত্রে দেখা যাবে। এ চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেহারায় পরিবর্তন আনা, হাতে উলকি আঁকা, মুখে গালি—সবই করতে হয়েছে সাইফ আলী খানকে। ১০ মে চলচ্চিত্রটি মুক্তি পাবে। এ ছবিতে নিজের চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত সাইফ। তাঁর আশা, সেন্সর বোর্ড হয়তো গালিগালাজ ছেঁটে ফেলবে না। ভাগ্য ভালোই বলতে হবে সাইফের; বর্তমান সেন্সর বোর্ডে শর্মিলা ঠাকুর নেই।