সাইবার অপরাধের শিকার প্রীতম

সাইবার অপরাধের শিকার হলেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। তাঁর দাবি, গত ২৮ আগস্ট বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার পর কোনো একসময় তাঁর ই-মেইল আইডি ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেছে।
প্রীতম বলেন, ‘আমার ব্যক্তিগত ই-মেইল ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে নানা রকম আপত্তিকর মেইল এবং মিথ্যা তথ্য পাঠানো হয়েছে। সন্দেহজনক কার্যক্রমের জন্য ফেসবুক বর্তমানে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠানো হলে তা যাচাই-বাছাই করে অ্যাকাউন্ট ফেরত পাওয়া যাবে।’
প্রীতম আহমেদ হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে বলেন, ‘গত ২৮ আগস্ট ঘটনা ঘটেছিল। এর আগেও এ ধরনের কার্যক্রম টের পেয়েছিলাম বলে গত মার্চ মাসে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।’
শুভাকাঙ্ক্ষীদের প্রীতম বলেন, ‘হ্যাকড হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে যোগাযোগ সম্পর্কে সচেতন থাকুন। আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট এখনো উদ্ধার করা হয়নি।’