সাইবার যন্ত্রণায় বলিউড তারকারা
একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী জিনাত আমান, আমিতাভ বচ্চন, পরিচালক আদিত্য চোপড়া থেকে আমির খান—সবার দিন কাটছে এখন ভালোই যন্ত্রণার মধ্য দিয়ে। সবাই এখন মুম্বাই পুলিশের কাছে ছুটে গেছেন। তাঁদের যন্ত্রণার মূল কারণ ‘টুইটার’ কিংবা ‘ব্লগ’। দেখা যায়, অমিতাভ বচ্চন ব্লগ বা টুইটারে যা লেখেননি, তা-ই সেখানে প্রদর্শিত হচ্ছে। কিংবা উত্তরে যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, তা-ও অনেকটা অসহ্য। এ নিয়ে সম্প্রতি অমিতাভ বচ্চন মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ করেছেন। এক সুন্দরী তরুণীকে পরিচালক আদিত্য চোপড়া পরের ছবিতে নায়িকা করতে চান। তবে শর্ত হচ্ছে, ওই তরুণীকে তাঁর সঙ্গী হতে হবে। এমন একটি খবর আদিত্য চোপড়ার নামে টুইটারে প্রকাশিত হয়ে গেল। আর এতেই রেগেমেগে অস্থির তিনি। এ জাতীয় কথাবার্তা লেখা থাকছে আমির খান, জিনাত আমানের নামেও। বলিউড তারকাদের কাছ থেকে ক্রমেই এমন অভিযোগ পেয়ে মুম্বাই পুলিশের সাইবার সেল নড়েচড়ে বসেছে। সেই সঙ্গে মুম্বাই পুলিশ টুইটারের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতেও এ ধরনের ঝামেলায় জড়িতদের ধরতে যোগাযোগ করছে।