সাইমন জাকারিয়ার ‘নাটকসংগ্রহ’
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে গত ২৫ জুন সন্ধ্যায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে নাট্যকার সাইমন জাকারিয়ার নাটকসংগ্রহ-এর প্রকাশনা উৎসব হয়ে গেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সহকারী সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। এরপর সাইমন জাকারিয়ার নাটক এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট ও শুরু করি ভূমির নামে থেকে পাঠ করে শোনান ত্রপা মজুমদার ও শামীম সাগর।অনুষ্ঠানের আলোচক অধ্যাপক আবদুস সেলিম বলেন, ‘প্রায় ৩৮ বছরের জীবৎকালে সাইমন যা রচনা করেছেন, তা মূলত এক নৃতাত্ত্বিক অনুসন্ধান। প্রধান অতিথির ভাষণে আইটিআইয়ের বিশ্বসভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘একই সঙ্গে গবেষণা ও সৃজনশীল লেখালেখির প্রতিভা খুবই কম দেখা যায়। সাইমন জাকারিয়া সেই বিরল প্রতিভা। তিনি যে শুধু ইতিহাস বা পুরাণের কাহিনি উপস্থাপনা করেন তা নয়, তিনি সব সময় পুরাণের নবতর ব্যাখ্যা উপস্থাপনা করেন।’ সভাপতির ভাষণে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, সাইমন জাকারিয়া প্রজন্ম থেকে প্রজন্মে পঠিত হবেন এবং তার নাটক মঞ্চস্থ হবে সমকালীনতার গণ্ডি অতিক্রম করে ভবিষ্যতে। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন নাট্যকার-নির্দেশক আরিফ হায়দার।