সাইমনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইমন।  ছবি: সৈকত ভদ্র
সাইমন। ছবি: সৈকত ভদ্র

বারিধারার রাস্তার পাশে এক ভাঙাচোরা চায়ের দোকান। সামনে দাঁড়িয়ে আছে ছেলেটি। বাবার প্রিন্টিংয়ের ব্যবসা নিয়েই ব্যস্ততা। চা খেতে খেতেই হঠাৎ পরিচয় এক চলচ্চিত্র পরিচালকের সঙ্গে। সিনেমা জগৎ, এফডিসি নিয়ে কোনোই আগ্রহ নেই ছেলেটির। কিন্তু সিনেমা দেখার বাতিক আছে। পরিচালক তাঁর নতুন ছবির জন্য এমন একজনকে খুঁজছেন, যার সঙ্গে ছবির প্রধান চরিত্রটি মানিয়ে যায়। গল্পে গল্পে ছেলেটির মধ্যে কোথায় যেন চলচ্চিত্রের ছাঁয়া খুজে পান তিনি। অন্য একদিন ছেলেটিকে তাঁর সঙ্গে দেখা করতে বলে গন্তব্যে রওনা হয়ে যান। কিন্তু কে শোনে কার কথা! কোনো পাত্তা নেই ছেলেটির। দিন চলে যায়। পরিচালক নিজেই একদিন ফোনে ডেকে নেন ছেলেটিকে। নিজের টাকা খরচ করে ফটোসেশনও করান। এরপর ব্যাটে-বলে মিলে চলচ্চিত্রের রুপালি পর্দায় ‘ওকে-কাট-অ্যাকশন’-এর ভুবনে ঢুকে পড়ে ছেলেটি। পাঠক, ভাবছেন সিনেমা কিংবা নাটকের গল্প এটি? একেবারেই না। এটাই সাইমনের চলচ্চিত্র জগতে ঢোকার গল্প। আর গল্পের আরেক চরিত্র পরিচালক জাকির হোসেন রাজু।
শুনি, সাইমনের নিজের মুখে। ‘এভাবে হঠাৎ দেখা। এর পরের ঘটনা তো আগেই বললাম। আর আজকের আমার এই অবস্থানের সবকিছুই পরিচালক জাকির হোসেন রাজু এবং জাজ মাল্টিমিডিয়ার অবদান। যা স্বপ্নেও ভাবিনি, তা আজ বাস্তবে রূপ নিয়েছে।’
নতুন প্রজন্মের যে কজনের নাম ঘুরে-ফিরে আসে, সেই তালিকায় জ্বলজ্বল করছে সাইমনের নাম। চলচ্চিত্রে বয়স মাত্র এক বছর। পোড়ামন, জি হুজুর ও এর বেশি ভালোবাসা যায় না তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। চলচ্চিত্রের এই ধসের বাজারেও পোড়ামন কিংবা জি হুজুর ছবি দুটি দর্শক আলোচানায় এসেছে।
এফডিসিতে আড্ডার শুরুতে তাই অন্য প্রশ্নে না গিয়ে আমরা সোজা ঢুকে যাই চলচ্চিত্রে তাঁর সাফল্যের পথে।
‘এ সাফল্য এল কীভাবে’? প্রথম প্রশ্ন। ‘সত্যি কথা বলতে কি, জি হুজুর চলচ্চিত্রটিতে অভিনয় করে চলচ্চিত্রের মানুষগুলোর কাছ থেকে খুবই প্রশংসা পেয়েছি। আর পোড়ামন-এ অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকেরা আমাকে চিনেছেন। এখন কাজ করে যাচ্ছি।’ বললেন সাইমন।
সেই ধারাবাহিকতায় এখন ব্যস্ততা কতটুকু? বললেন, ‘তোমার কাছে ঋণী, স্বপ্নছোঁয়া, তোর লাগি পরান কান্দে, অ্যাকশন জেসমিন এবং তুই শুধু আমার এ চারটি ছবির কাজ মোটামুটি শেষ। রানা প্লাজা ছবির কাজ শুরু হবে।’ তিনি জানান, এর মধ্যে দেবাশীষ বিশ্বাসের একটি এবং শাহিন সুমনের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
এই যে এত এত কাজ, নিজের প্রস্তুতিই বা কেমন? ‘আমি বিশ্বাস করি, কাজ করতে গেলে শিখতে হয়, জানতে হয়, দেখতেও হয়। প্রেক্ষাগৃহে গিয়ে নিয়মিতই সিনেমা দেখি। বাসায় সময় করে কলকাতার বাংলা, তামিল ছবি দেখি। সর্বশেষ পুরানো বিল্লা ছবিটি দেখলাম। কোনো ছবির কাজ করার আগে বাসায় বসে চিত্রনাট্য পড়ে, নিজের চরিত্রটি নিয়ে গবেষণা করে, বুঝেশুনে কাজটি শুরু করি। ফাঁকি দেওয়ার চেষ্টা করি না।’
আচ্ছা, এ বছর প্রায় অর্ধশত চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আলোচনায় এসেছে হয়তো মাত্র ডজন খানেক হবে। কীভাবে দেখছেন?
‘আগের বছর এই আলোচনাও ছিল না। এবার তো তাও হয়েছে। আগামী বছর আরও বেশি হবে আশা রাখি।’
নতুনদের ওপর সেই আস্থা কি রাখতে পারেন দর্শকেরা?
‘অবশ্যই। নতুনদের আগমনেই কিন্তু নতুন সম্ভাবনা তৈরি হয়। চলচ্চিত্রের খরা কাটতে শুরু করেছে।’