সাইয়ের নতুন গান এপ্রিলে (ভিডিও)
আবারও গানে ফিরছেন দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাই। ‘গ্যাংনাম স্টাইল’ গানটির কল্যাণে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই সংগীতশিল্পী আগামী ১৩ এপ্রিল শ্রোতাদেরকে নতুন গান উপহার দিতে যাচ্ছেন। ১৩ এপ্রিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক কনসার্টে নতুন গানটি পরিবেশন করবেন সাই। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে ইউটিউব। অবশ্য সাই এখনও গানটি সম্পর্কে আগাম কোনো তথ্য প্রকাশ করেননি। কনসার্টে ভক্তদেরকে সাদা রংয়ের পোশাকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছেন সাই। এ প্রসঙ্গে আজ বুধবার এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো দেখুন এবং আসুন ০৪/১৩তে সবাই মিলে সাদা হয়ে যাই।’ সাদা রংয়ের পোশাক পরা নিজের কয়েকটি ছবিও তিনি পোস্ট করেছেন। সেগুলোতে সাদা স্পেসস্যুট, এমনকি সাদা রংয়ের বিয়ের পোশাকেও দেখা গেছে সাইকে। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার র্যাপ সংগীতশিল্পী পার্ক জে-স্যাং সবার কাছে পরিচিতি পেয়েছেন ‘সাই’ নামে। ‘গ্যাংনাম স্টাইল’ গানের সঙ্গে অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে সাইয়ের অদ্ভুত ভঙ্গিমার নাচ দেখে মুগ্ধ হয়েছেন বিশ্বের অসংখ্য মানুষ। ‘গ্যাংনাম স্টাইল’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্ব রেকর্ডও গড়েছে। গত বছরের জুলাই মাসে ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এটি ১০০ কোটিরও বেশিবার দেখা হয়েছে।