সাইয়ের স্বস্তি
অবশেষে বড় একটা স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন সাই। ‘গ্যাংনাম স্টাইল’ তুমুল জনপ্রিয় হওয়ার পর অনেকেই মন্তব্য করতে শুরু করেছিলেন, সাই তো মোটে একটি গানের হিট শিল্পী। তাই দ্বিতীয় এককটি মুক্তি দেওয়ার আগে বেশ দুশ্চিন্তায় ছিলেন এই দক্ষিণ কোরিয়ান। তবে ১২ এপ্রিল ‘জেন্টলম্যান’ মুক্তি পাওয়ার পর শান্তিতে আছেন সাই; বললেন, ‘জীবনের সবচেয়ে বাজে সপ্তাহ ছিল সেটি!’ কোনটি? আর কেন? ব্যাখ্যা শুনুন সাইয়ের মুখেই, ‘এপ্রিলের ১২ তারিখে গানটি মুক্তি দিয়েছি। ১৩ তারিখে কোরিয়ায় ছিল বিশাল এক কনসার্ট। তার আগে সোম ও মঙ্গলবার ভিডিওটির শুটিং ছিল। শুটিং শেষ করেছি মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার করেছি সম্পাদনা। শেষ পর্যন্ত খুঁটিনাটি অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছে। কী যে ধকল গেছে!’ সবকিছু ঠিকঠাক করে গানটি মুক্তি দেওয়ার পর আরেকবার বাজিমাত। এ সপ্তাহে যুক্তরাজ্যে বিলবোর্ড হট হান্ড্রেডে ১০ নম্বরে আছে ‘জেন্টলম্যান’। যুক্তরাষ্ট্রে আছে পাঁচ নম্বরে। আর ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ২৩ কোটিবার। পিটিআই।