সাইরেনের উদ্বোধনী প্রদর্শনী ২৯ আগস্ট
পাটশ্রমিকদের জীবন ও সংগ্রামের কাহিনি নিয়ে মোল্লা সাগর পরিচালিত ‘সাইরেন’ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী ও ডিভিডির মোড়ক উন্মোচন করা হবে ২৯ আগস্ট বুধবার। ওই দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাইরেনের উদ্বোধনী প্রদর্শনী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজকর্মী খুশী কবির, চলচ্চিত্রকার মসিউদ্দিন শাকের, চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ, আলোকচিত্রী নাসির আলী মামুন এবং কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ।পাটশিল্প শ্রমিকদের জীবন ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে ‘সাইরেন’ প্রামাণ্য চলচ্চিত্রটিতে। ২১ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘লাইফ বাংলাদেশ’।‘সাইরেন’ চলচ্চিত্রটির স্থিরচিত্র নিয়ে প্রদর্শনীর দিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত পাবলিক লাইব্রেরি চত্বরে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগ্রহীরা প্রদর্শনীস্থল থেকে ‘সাইরেন’-এর ডিভিডি কিনতে পারবেন। ডিভিডির সঙ্গে উপহার হিসেবে থাকবে চলচ্চিত্রটির একটি পোস্টার।প্রামাণ্যচিত্র ‘সাইরেন’ এমন একটি সময়ের দলিল, যখন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি ও শিল্প খাতের অন্যতম প্রধান খাতটিকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর পুরো পাটশিল্পের রাষ্ট্রীয়করণ করা হলেও তার সুফল জাতি পায়নি। আশির দশকের শুরুতেই পাটশিল্পে দুর্যোগ নেমে আসে এবং নব্বই-পরবর্তী দশকেও তা অব্যাহত থাকে। একের পর এক পাটকল বন্ধ ঘোষণা করা হয় এবং লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েন।এ ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় ২০০৭-৮ সালে খুলনার খালিশপুর এলাকায় কয়েকটি পাটকল বন্ধ ঘোষণা, শ্রমিকদের আন্দোলন এবং শ্রমিক পরিবারগুলোর দুর্দশার চিত্র উঠে এসেছে ‘সাইরেন’ চলচ্চিত্রে। ক্ষুধা ও অনিশ্চয়তায় এ পরিবারগুলোর সামনে যখন বেকারত্ব, অনাহার, মৃত্যু, আত্মহত্যা কিংবা পতিতাবৃত্তি ছাড়া আর কোনো গন্তব্য ছিল না, ‘সাইরেন’ সেই সময়ের সাক্ষী।চলচ্চিত্রকার মোল্লা সাগরের পেশাজীবন শুরু হয়েছিল আলোকচিত্রী হিসেবে। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার ছাত্রীনিবাসে পুলিশি নির্যাতনের প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র আন্দোলন নিয়ে নির্মিত ‘শিরোনামহীন ২৩ জুলাই’ (২০০৩) চলচ্চিত্রটির মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন সাগর। দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লাখনি নির্মাণকে ঘিরে সেখানকার আদিবাসী ও স্থানীয় মানুষের সংকট ও সংগ্রামের ছবি উঠে এসেছে তাঁর ‘দুধ কয়লা’ (২০০৬) চলচ্চিত্রে। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘চল মন নাটক দেখতে যাই’, ‘ঝড় জাইল্যা’, ‘মান্দি’, ‘রক্তে কাঁপে উত্তাপ’, ‘ও পাখি’ এবং ‘গঙ্গা বুড়ি’।