সাইয়ের সঙ্গে ‘গ্যাংনাম’ নাচবেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুন্ধুমার কাণ্ডই বটে! সেলিব্রেটি ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ‘গ্যাংনাম’ নেচে একসঙ্গে মঞ্চ মাতাবেন বলিউডের অভিনেতা সালমান খান এবং ‘গ্যাংনাম স্টাইল’ গানের বদৌলতে রাতারাতি আন্তর্জাতিক তারকা বনে যাওয়া দক্ষিণ কোরীয় পপ গায়ক সাই। আগামী বছরের ১৯ জানুয়ারি মুম্বাই অথবা দিল্লিতে অদৃশ্য ঘোড়ার ওপর বসে অদ্ভুত ভঙ্গিতে সাইয়ের সঙ্গে ‘গ্যাংনাম’ নাচবেন সালমান। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, সেলিব্রেটি ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ‘গ্যাংনাম স্টাইল’ তারকা সাইয়ের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন সালমান খান। সালমানের তুমুল তারকাখ্যাতির বিষয়টি ভালোভাবেই জানেন সাই। তিনি এও জানেন যে, সেলিব্রিটি ক্রিকেট লিগে মুম্বাই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান। সূত্রটি আরও জানিয়েছে, সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানের সঙ্গে সালমান যেমন নাচবেন, তেমনি সালমানের কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গেও নাচতে দেখা যাবে সাইকে। অবশ্য মঞ্চ পরিবেশনায় সালমানের কোন কোন গান ঠাঁই পাবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। অনুষ্ঠানটির স্থানও চূড়ান্ত হয়নি। তবে মুম্বাই কিংবা দিল্লিতে জমকালো এই অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিয়োটি গত জুলাই মাসে ইউটিউবে পোস্ট করার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডও এ গানটির।