সাইয়ের ‘জেন্টেলম্যান’ নিষিদ্ধ!
দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাইয়ের ‘জেন্টেলম্যান’ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেললেও দক্ষিণ কোরিয়ায় গানটি নিষিদ্ধ করা হয়েছে।সম্প্রতি গানটির মিউজিক ভিডিও প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকারী টিভি চ্যানেল কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস)। গানের শিরোনাম ‘জেন্টেলম্যান’ হলেও, এর মিউজিক ভিডিওতে সাইয়ের অশোভন কীর্তি-কলাপ ফুটে ওঠায় নিষিদ্ধ হয়েছে গানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘কন্ট্যাক্টমিউজিক’। ‘জেন্টেলম্যান’ মিউজিক ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাস্তার ওপর রাখা কৌণিক একটি বস্তুতে লাথি মারছেন সাই। লাথি মারার পরপরই তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। মজার মিউজিক ভিডিওটির আরও কিছু দৃশ্যে উলটা-পালটা সব কীর্তি ঘটিয়েছেন সাই। এসব কারণেই ‘জেন্টেলম্যান’ মিউজিক ভিডিওটি নিষিদ্ধ করেছে কেবিএস। এ প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলটি এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন বয়সী দর্শকরা কেবিএস টিভি চ্যানেল দেখেন। মূলত শিশুদের কথা বিবেচনা করেই ‘জেন্টেলম্যান’ মিউজিক ভিডিওটি নিষিদ্ধ করা হয়েছে। কারণ টেলিভিশনে যা দেখানো হয় তার ভালো-মন্দ বিচার না করে অনুকরণ করার চেষ্টা করে শিশুরা।‘গ্যাংনাম স্টাইল’ গানের ব্যাপক সাফল্যের পর গত সপ্তাহে মুক্তি পেয়েছে সাইয়ের ‘জেন্টেলম্যান’। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সেটি দেখেছে প্রায় ২০ মিলিয়ন মানুষ। এর মধ্য দিয়ে ইউটিউবে এক দিনে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে ‘জেন্টেলম্যান’। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ১৪৫ মিলিয়ন মানুষ এটি দেখেছেন।