
পোস্টারে ঢেকে দেওয়া হয়েছে শিল্পকলা একাডেমি। ‘শেষ নবাব’ মঞ্চে উঠবেন। যেন এক্ষুনি বিউগল বেজে উঠবে। সাজঘরে টান টান উত্তেজনা।
গতকাল সোমবার সন্ধ্যায় ছিল শেষ নবাব-এর প্রথম প্রদর্শনী। গত রোববার হয়েছে কারিগরি মঞ্চায়ন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার সাঈদ আহমদের পঞ্চম ও শেষ নাটক এটি। নাটকের আগে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে একত্র হয়েছিলেন নাট্যকারের সহযোদ্ধারা। এই নাট্যকারের বহুমাত্রিকতা নিয়ে বলার পাশাপাশি পলাশীর প্রেক্ষাপটের বিপরীত উপস্থাপনায়ও তাঁরা গর্বিত। তাঁরা বলেন, ‘পলাশী’, ‘সিরাজ’, ‘সাম্রাজ্যবাদ’ শব্দগুলো নতুন করে ভাবনার খোরাক জোগাবে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও যুদ্ধের সূক্ষ্ম দর্শন নিয়ে এই নাটক।
সাঈদ আহমদ চিন্তায় ও কর্মে ব্যতিক্রম। সরকারি চাকরির সুবাদে বিভিন্ন দেশে কাটানোর কারণে বন্ধু হিসেবে পেয়েছিলেন এডওয়ার্ড সাঈদের মতো বড় সাহিত্যিককে। শিল্প-সমালোচনা, ধ্রুপদি যন্ত্রবাদনের বাইরে নাট্যকার হিসেবেই তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। ষাটের দশকে ইউরোপীয় ধারার ‘অ্যাবসার্ড’ নাটক লিখে এ দেশের নাটকে সংযোজন করেন নতুন মাত্রা। ২০১০ সালের ১০ জানুয়ারি প্রয়াত হন এই নাট্যকার। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ওই বছর তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়।
গাজী রাকায়েতের নির্দেশনায় শেষ নবাব নাটকটি প্রযোজনা করেছে চারুনীড়ম থিয়েটার। এ আয়োজনে সাঈদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্টসকে (সাফকা) সহযোগিতা দিয়েছে শিল্পকলা একাডেমি। সাফকার সভাপতি নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে নাটকের আগে আলোচনা করেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, নাট্যকার মামুনুর রশীদ ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। গাজী রাকায়েত বলেন, ‘এত দিন অভিনেতার সংকটে ও দলের আর্থিক অবস্থার কারণে পিছিয়ে পড়তে হয়েছিল। নাটকটির মধ্য দিয়ে সাঈদ আহমদের শেষ নাটকটি নতুনভাবে আবিষ্কৃত হোক।’
চিত্রশালা প্লাজায় নাচের উত্সব
আন্তর্জাতিক নৃত্যদিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে ঢাকায় শুরু হওয়া সাত দিনের উৎসবের কাল ছিল তৃতীয় দিন। সোমবার বিকেল থেকে ছিল ছোট ও বড়দের অনেকগুলো পরিবেশনা। তাতে কত্থক সম্প্রদায়, বাফা, বুলবুল ললিতকলা একাডেমী, জাগো আর্ট সেন্টারসহ বেশ কিছু দল নাচ পরিবেশন করে। ছিল শিশুদের পরিবেশনাও। গত শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজার উঠানে উত্সবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উৎসব চলবে আন্তর্জাতিক নৃত্য দিবস ২৯ এপ্রিল পর্যন্ত।