সাউদার জন্য গাইলেন বাউলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে শিশু সাউদার চিকিৎ​সা সহযোগিতায় বাউলগানের জমজমাট আসর l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে শিশু সাউদার চিকিৎ​সা সহযোগিতায় বাউলগানের জমজমাট আসর l ছবি: প্রথম আলো

লালনের গান ‘শিরনি খাওয়ার লোভ যার আছে, সে কি চেনে মানুষ রতন’ গাইছিলেন শিল্পী রিংকু। গানের বাণীতে স্বচ্ছ ইঙ্গিত, মানুষ হলো রতনের চেয়েও দামি। লালনের গানের চর্চা করেন যঁারা, তঁাদের কাছে মানুষই সব। মানুষের পাশে যখন মানুষ দাঁড়ায়, তখন তা হয়ে ওঠে পরম মানবিক।
তেমনই এক মানবিক আবেদনে সাড়া দিয়েছেন দেশের বাউলশিল্পীরা। ব্লাড ক্যানসারে আক্রান্ত দুই বছরের শিশু সাউদার চিকিৎসার্থে গতকাল বুধবার বিকেলে বাউলগানের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে শিল্পকলা একাডেমীর সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গান শোনাতে এসেছিলেন ঢাকা ও এর অদূরের বাউল ও বাউলগানের শিল্পীরা। সাউদার চিকিৎসার জন্য সহযোগিতা করতে টিকিট কিনে গান শুনতে এসেছিলেন ঢাকার দর্শকেরা।
গানের অনুষ্ঠান শুরুর আগে ছিল খানিকটা আনুষ্ঠানিকতা। তাতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই পর্বে সভাপতিত্ব করেন শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে শিশু সাউদার চিকিৎসার বড় একটি অংশের ভার নেন ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের মহাপরিচালক আবদুল ওদুদ।
অনুষ্ঠানে সমির বাউল ‘ইলাহি আলামিনগো আল্লা’, নাহিদ আক্তার ‘গুরু তুমি পতিতপাবন’, সাথী আক্তার ‘চাতক বাচে কেমনে বরিষন বিনে’, বাউলগানের শিল্পী বিউটি ‘যেখানে সঁাইয়ের বারামখানা’ গানটি করেন। এ ছাড়া আরও গান শোনান মিজানুর রহমান, আরিফ বাউল, হামিদা পারভিনসহ আরও অনেকে।