সাউন্ড কমপ্লেক্সে নতুন ডাবিং থিয়েটার হয়নি
‘২৫ জানুয়ারির মধ্যে এফডিসির নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্সে নতুন ডাবিং থিয়েটার বসানো হবে।’ এভাবেই বলেছিলেন এফডিসির কারিগরি পরিচালক রানা হামিদ। চলচ্চিত্র নির্মাতারা রানা হামিদের কথায় আশ্বস্ত হয়েছিলেন তখন। কিন্তু এরপর পেরিয়ে গেছে আনেকগুলো দিন। এখনো নতুন কোনো ডাবিং থিয়েটার পাননি নির্মাতারা। ফলে ডাবিং থিয়েটারের অভাবে ছবির শুটিং শেষ করে নির্মাতাদের বসে থাকতে হচ্ছে। জানা গেছে, রক এন রোলের দুটি ডাবিং মেশিনই নষ্ট। তাই মাস দুয়েক আগে দ্য রেইন পিকচার্সের একটি ডাবিং মেশিন এফডিসিতে এনে স্থাপন করা হয়। তা দিয়েই কাজ চালাতে হচ্ছে। কিন্তু এর গুণগত মান নিয়ে রয়েছে অনেক প্রশ্ন।নাম প্রকাশ না করে দুজন নির্মাতা অভিযোগ করেন, ‘দীর্ঘসময় পার হওয়ার পরও সাউন্ড কমপ্লেক্সকে সচল করার উদ্যোগ নিচ্ছে না এফডিসি কর্তৃপক্ষ। এটা কারোরই বোধগম্য নয়। বাইরে থেকে একটি মেশিন আনা হলেও এর সিরিয়াল পেতে পেতে শিল্পীদের শিডিউল শেষ হয়ে যায়।’এর আগে এফডিসির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছিল, তিন মাসের মধ্যেই এফডিসিতে নতুন একটি ডাবিং থিয়েটার বসানো হবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।এফডিসির কারিগরি পরিচালক রানা হামিদ বলেন, ‘নতুন ডাবিং থিয়েটার বসানোর জন্য সব মেশিন চলে এসেছে। তবে তা বসানো হয়নি। এর কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যেই ডাবিং থিয়েটার বসানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।’