সাউন্ড কমপ্লেক্সের বেহাল দশা
এফডিসির নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্সের এখন বেহাল অবস্থা। তিনটি ডাবিং থিয়েটার, একটি রি-রেকর্ডিং থিয়েটার ও একটি ব্যাকগ্রাউন্ড থিয়েটার এবং মোট পাঁচটি প্রজেকশন থিয়েটার নিয়ে নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্স যাত্রা করে আশির দশকে। এই সাউন্ড কমপ্লেক্স প্রতিষ্ঠার পর দেশে রঙিন চলচ্চিত্রের নির্মাণ শুরু হয়। কিন্তু দীর্ঘদিন এর কোনো সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্সটি প্রায়ই অকার্যকর হয়ে পড়ে। একাধিক নির্মাতা জানিয়েছেন, এখানে কাজের কোনো পরিবেশ নেই, কিন্তু দেশে আর কোনো বিকল্প ব্যবস্থা না থাকায়, কষ্ট করে হলেও এখানেই কাজ করতে হচ্ছে তাঁদের।গত ১২ জুন এফডিসির নাজির আহেমদ সাউন্ড কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি রক অ্যান্ড রোল ডাবিং থিয়েটারের মধ্যে একটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে আছে। অন্যটি এখন সচল থাকলেও মাঝেমধ্যেই এটি বিকল হয়ে যায়। এ সময় দেখা গেল, ঢাকা মেট্রোপলিটন এলাকার আটজন উপপুলিশ কমিশনারকে। তাঁরা গেলেন রি-রেকর্ডিং দেখতে। সে সময় দেখা গেল, পর্দায় ছবি আসছে কিন্তু সাউন্ড নেই। বিষয়টি কী? জানতে চাইলে একজন আবহসংগীত সহকারী বললেন, ‘আজ দুই দিন হলো অ্যামপ্ল্লিফায়ার থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। তাই আমরা ছোট্ট একটি টুইনওয়ানের ওপরই নির্ভরশীল।’ এ সময় উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি অভিযোগ করে বললেন, ‘আমাদের কাছে সবাই ভালো ছবি প্রত্যাশা করে, কিন্তু ভালো ছবির জন্য ভালো কারিগরি সহায়তা প্রয়োজন, এটা কেউ বলে না। আজ এতগুলো বছর হলো, এখানে সাউন্ড কমপ্লেক্সটি হয়েছে। কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ নেই। একটার পর একটা মেশিন নষ্ট হয়ে গেলেও সেগুলো মেরামত করার কোনো উদ্যোগ নেই।’ খোঁজ নিয়ে জানা গেল, একটি পূর্ণাঙ্গ সাউন্ড কমপ্লেক্স করার জন্যই উদ্যোগ নেওয়া হয়েছিল। এখানে একটি স্টুডিও থাকার কথা ছিল। নির্মাতারা চাইলে এখানে গান রেকর্ডিং করতে পারবেন। কিন্তু নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্সে কোনো স্টুডিও দেখা গেল না।এ ব্যাপারে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মুখপাত্র আশরাফুদ্দিন আহমেদ উজ্জল বললেন, অনেক কিছুই তো থাকার কথা ছিল। কিন্তু এখন নেই। কেন? সেটা প্রশাসনের লোকজন ভালো বলতে পারবেন।সাউন্ড কমপ্লেক্সের এই দুরবস্থার জন্য নির্মাতারা বলছেন, এখানে কোনো ভালো শব্দগ্রাহক নেই। দেলোয়ার জাহান ঝন্টু বললেন, এখানে একসময় মহসীন আলীর মতো সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন। এখন যাঁরা কাজ করছেন, তাঁরা সহকারী হিসেবে কাজ করতে করতেই শিখেছেন। ফলে সাউন্ড মেশিনের ভালোমন্দ আগের মতো আর দেখাশোনা করার জন্য অভিজ্ঞ লোকজন নেই। অনুসন্ধান করে জানা গেল, কয়েক বছর ধরেই শব্দগ্রাহক হিসেবে কোনো নিয়োগ হয়নি। বিভিন্ন শাখা থেকে লোকজনকে এনে এখানে কাজ করানো হচ্ছে।পরিচালক এফ আই মানিক বললেন, ‘সারা দুনিয়ার সিনেমার সাউন্ড নেওয়া হয় ডলবি ডিজিটাল পদ্ধতিতে। আর আমরা করছি একটি ট্র্যাকে। এখানে মনো সাউন্ডে কাজ করতে হচ্ছে। একটি স্টুডিওতে হাজার হাজার টাকা খরচ করে আমরা গান রেকর্ডিং করি। কিন্তু যখন এখানে গানটি ট্রান্সফার (বদলি) করছি, তখন সেটি চলে যাচ্ছে একটি ট্র্যাকে। ফলে বিশ্বমানের তো দূরের কথা, কলকাতার কারিগরি সুবিধার সঙ্গেও আমরা পেরে উঠি না।’সাউন্ড কমপ্লেক্সের উন্নয়নে কর্তৃপক্ষ কী উদ্যোগ নিচ্ছে? এমন প্রশ্নের উত্তরে এফডিসির কারিগরি পরিচালক রানা হমিদ বললেন, ‘আমরা আসলে এখানে একটা ট্রানজিট সময় পার করছি। সাউন্ড কমপ্লেক্সের নানাবিধ সমস্যা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রক অ্যান্ড রোলের একটি মেশিন মেরামত করা হয়েছে। অন্য যে মেশিনটি অকেজো হয়ে আছে, সেটিও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি এফডিসির রাজস্ব খাত থেকে অর্থ নিয়ে মেরামত করা হবে। তবে মনো ট্র্যাকের বাইরে এখনই আসলে থ্রিডি বা ফোরডি সাউন্ড সিস্টেম সেখানে বসানো যাবে না। যখন ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স পূর্ণাঙ্গভাবে চালু হবে, তখন সেখানে ডলবি বা ফোরডি ও থ্রিডি সাউন্ড সিস্টেমের সুবিধা নির্মাতারা পাবেন। তবে রক অ্যান্ড রোল মেশিনেও ছবি নির্মাণ করার ব্যবস্থা থাকবে।’ এফডিসিতে গানের স্টুডিও নেই কেন—এ প্রশ্নের উত্তরে রানা হামিদ বলেন, ‘পরিকল্পনায় কী ছিল, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে ভবিষ্যতে আমরা এফডিসিকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক স্টুডিওতে রূপান্তর করব।’ বর্তমান সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ও এ ব্যাপারে আন্তরিক বলে তিনি জানালেন।