সাগরে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বিশাল সমুদ্র। বড় বড় ঢেউয়ের পিঠে স্পিডবোটটি বারবার উঠছে আর আছড়ে পড়ছে। সমুদ্র উত্তাল, ভয়ংকর তার রূপ। বিশাল ঢেউয়ের গায়ে ওঠার সময় মনে হচ্ছে তলিয়ে যাবে এবার। কিছুক্ষণ আগেই স্পিডবোটের ছেলেটা জানিয়ে দিয়েছে, কোনো লাইফ জ্যাকেট নেই। ইঞ্জিনের তেলও ফুরিয়ে আসছে দ্রুত। হয়তো আর কয়েক মিনিট, কয়েক সেকেন্ড কিংবা এই ঢেউয়েই সব শেষ। রেদওয়ান রনি তাঁর আইসক্রিম ছবির শুটিং শেষ করে সেন্ট মার্টিন থেকে ফেরার সময় ১১ মার্চ এমনি এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার তিনি নিজেই তুলে ধরছেন সেই অভিজ্ঞতার কথা।
স্পিডবোট থেকে জাহাজে ওঠার চেষ্টা করছেন আইসক্রিম ছবির কুশলীরা
স্পিডবোট থেকে জাহাজে ওঠার চেষ্টা করছেন আইসক্রিম ছবির কুশলীরা

১১ মার্চ। আমার দ্বিতীয় চলচ্চিত্র আইসক্রিম-এর প্রথম লটের শুটিংয়ের শেষ দিন। এ মৌসুমে ওই দিনই শেষ জাহাজ সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসবে টেকনাফের উদ্দেশে। সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে দীর্ঘদিনের জন্য।
টেকনাফ চলে আসব, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শট বাকি রয়ে গেছে। ছবিতে দেখা যাবে, ছবির নায়ক-নায়িকাকে দ্বীপে রেখে জাহাজ প্রায় মাঝসমুদ্রে চলে গেছে। জাহাজ ছেড়ে যাওয়ার দৃশ্য নিতে হবে সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে। মুশকিল হলো শট শেষ হওয়ার পর জাহাজ আর জেটিতে ফিরবে না। আমাদেরই স্পিডবোটে করে জাহাজে উঠতে হবে।
শেষ ট্রিপ। তাই আমাদের হাতে আর কোনো সুযোগ নেই। অনেক অনুরোধের পর জাহাজের ক্যাপ্টেন রাজি হলেন, কিছুদূর যাওয়ার পর জাহাজের গতি কমানো হবে, এরপর আমরা গিয়ে উঠব।
আমার মানসিক চাপ ক্রমেই বাড়ছে, ঠিকঠাক শট নেওয়া যাবে তো? আমরা এতগুলো দামি যন্ত্রপাতিসহ জাহাজে গিয়ে উঠতে পারব তো? চিত্রগ্রাহক অরিন্দম ভট্টাচার্য আমাকে অভয় দিয়ে যাচ্ছেন, ‘টেনশন নিয়ো না দাদা, আমি পাঁচ-সাত মিনিটের মধ্যেই শট নিয়ে ফেলবে।’
অরিন্দম পড়াশোনা করেছেন ভারতের পুনের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া’ থেকে পাস করা মেধাবী সিনেমাটোগ্রাফার। তাঁর কথায় ভরসা করা যায়।
হুইসেল বেজে চলেছে, জাহাজ ছড়ার সময় হয়ে এল। সহকারী পরিচালক সুমন পুরো ইউনিট নিয়ে জাহাজে উঠেছে। আমরা জেটিতে শট নেওয়ার জন্য থেকে গেলাম পাঁচজন। আমার প্রধান সহকারী পরিচালক নিয়ামুল মুক্তা স্পিডবোট প্রস্তুত করেছে আগেই। অরিন্দম ক্যামেরা হাতে প্রস্তুত, জাহাজ ছেড়ে গেল। শট শুরু হলো। আমি আবার সেফটি শট নিলাম আরও তিন মিনিট।
শট শেষ করে স্পিডবোটে উঠে পড়লাম। ক্যামেরা ও আনুষঙ্গিক জিনিসপত্র স্পিডবোটে তোলা হলো। দ্রুতগতিতে আমরা এগিয়ে চলেছি জাহাজের দিকে, কিন্তু জাহাজ থামছে না! আমরা ততক্ষণে মাঝসমুদ্রে চলে এসেছি।
সাগরে স্পিডবোটের মাধ্যমে নিরাপদ ভ্রমণের সীমা আমরা অতিক্রম করেছি আগেই। সেই সঙ্গে সাগরে বিশাল ঢেউ আর বাতাস।
জাহাজ কেন থামছে না? স্পিডবোটের ছেলেটা জানাল, হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, জাহাজ থামতে পারবে না, একটা ন্যূনতম গতি রেখে জাহাজকে এগিয়ে যেতে হবে, তা না হলে জাহাজকে বিপদে পড়তে হবে।
তাহলে উপায়? জাহাজ ধরতে হলে আমাদের তার চেয়ে বেশি গতিতে এগোতে হবে। স্পিডবোটের ছেলেটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে।

আইসক্রিম
আইসক্রিম

স্পিডবোটের গতিতে হঠাৎ বাদ সাধতে শুরু করল বিশাল বিশাল ঢেউ। এক একটা ঢেউয়ে আছড়ে পড়তে পড়তেই আবিষ্কার করলাম ভয়ংকর এক সত্য, তেল ফুরিয়ে আসছে দ্রুত। এখনই জাহাজ ধরতে না পারলে বোটটাও ফিরতে পারবে না জেটিতে। পরিষ্কার বুঝতে পারছি, আমাদের ভাগ্যে কী হতে চলেছে! সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া কিছুই করার নেই। স্পিডবোটের ছেলেটা শেষ চেষ্টা করতে চায়। জাহাজের সঙ্গে একই গতিতে বোট চালাবে। আমরা একটা দড়ি ছুড়ে দেব জাহাজে। কেউ ধরতে পারলে আমরা দ্রুত উঠে পড়ব। প্রথম চেষ্টায়ই কাজ সারতে হবে।
জাহাজের পাশে চলে এসেছি। জাহাজ থেকে মাইকে আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে কোন সাইডে দড়ি বাঁধতে হবে। অনেক কষ্টে দড়ি বাঁধা হলো জাহাজের রেলিংয়ে। এবার ওঠার পালা। ঠিক ওই সময়ে স্পিডবোটের ছেলেটা চিৎকার করে উঠল, ‘দড়ি খুলে দেন।’
কেন?
দেখি বিশাল এক ঢেউ ধেয়ে আসছে আমাদের দিকে। দড়ি বাঁধা থাকলে ঢেউয়ের ঝাপটায় স্পিডবোটটি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। ছেলেটির কথা শেষ না হতেই বিশাল ওই ঢেউয়ের ধাক্কায় আমাদের স্পিডবোট চলে যায় মাইল খানেক দূরে।
বুঝতে পারছি, আমাদের সামনে নিশ্চিত মৃত্যু। অন্য রকম এক অনুভূতি গ্রাস করেছে আমাকে।
দ্বীপে ফিরে যাওয়ার জন্য বোটটা ঘোরাতে গিয়ে ছেলেটা বলল, আরেকবার শেষ চেষ্টা করতে চাই।
অনেক চেষ্টার পর জাহাজের কাছাকাছি এল বোটটা। ঠিক কতক্ষণ লেগেছে, তা বলতে পারব না। দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, সবার চিৎকার, জাহাজে পরিচিত-অপরিচিত মানুষের উৎকণ্ঠা, কেউ কেউ নিজের মুঠোফোনে পুরো ব্যাপারটি ধারণ করছে, ইউনিটের কারও কারও কান্না ছাপিয়ে আবিষ্কার করলাম, কতগুলো হাত আমাকে ধরে জাহাজের ওপরে টেনে তুলছে। সবাই উঠে যাওয়ার পর জাহাজের সবাই হাততালি দিয়ে স্পিডবোটের ছেলেটার সাহসের প্রশংসা করে।
ততক্ষণে আমরা স্বাভাবিক হতে শুরু করেছি। নিয়ামুল চিৎকার করে কাঁদছে, সঙ্গে ইউনিটের অন্যরাও। আমার চোখ থেকেও পানি পড়ছে, বুঝতে পারছি আমরা বেঁচে আছি।
মনে পড়ল স্পিডবোটের ছেলেটার কথা। ও ঠিকঠাক পৌঁছাতে পেরেছে তো? অনেকক্ষণ পর খবর পেলাম, ও জেটিতে ফিরেছে শেষ তেলবিন্দু দিয়ে।
জাহাজ এগিয়ে চলেছে টেকনাফের দিকে। পরিবারের সঙ্গে কথা বলার জন্য ফোনটা হাতে নিয়েই দেখি স্ক্রিনে মিসড কল উঠে আছে আম্মুর। সময়টা দেখে চমকে উঠলাম। কীভাবে সম্ভব? সময়টা ঠিক তখন, যখন সাগরের মাঝখানে আম্মুর মুখটা ভেসে উঠছিল।