সাঙ্গ হলো অবশেষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব  ছবি: প্রথম আলো
নিরব ছবি: প্রথম আলো

২০১৩ সালে শুরু হয় ভোলা তো যায় না তারে ছবির শুটিং। এরপর নানা সময় নানা কারণে এই ছবির খবর ঘুরতে থাকে সবখানে—কখনো নবাগত নায়িকা তানহা তাসনিয়া কিংবা কখনো নিরবের ‘পাগল’ বেশ। কিন্তু এত খবরের ভিড়ে ছবিটির কাজ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। অবশেষে গতকাল শুক্রবার এই ছবির শুটিং সাঙ্গ হলো—এমনটাই জানালেন ছবির অভিনেতা নিরব।
গতকাল উত্তরার দিয়াবাড়িতে ছবির শেষ কয়েকটি দৃশ্যের কাজ হয়। সেখান থেকেই নিরব জানান, এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর ছবির শুটিং শেষ করলেন তাঁরা। এত লম্বা সময় নিয়ে ছবির কাজ করার কারণ জানতে চাইলে এর পরিচালক রফিক শিকদার জানান, এটাই তাঁর পরিচালনায় প্রথম ছবি। তাই বেশ ভেবেচিন্তে কাজ করতে গিয়েই সময়টা বেশি লেগে গেল।
অভিনেতা নিরব জানান, মাঝে ছবির কাজ কিছু সময় বন্ধ ছিল। এরপর ২০১৪ সালে আবারও শুরু হয় শুটিং। শুরু হয় ডাবিংয়ের কাজও। ছবির কিছু অংশে নিরবকে দেখা যাবে মানসিক ভারসাম্যহীন এক যুবকের চরিত্রে। তিনি জানান, চরিত্রের এই ওঠানামাগুলো নিয়ে তাঁকে বেশ সময় দিতে হয়েছে। তাই বলা যায়, সময়ক্ষেপণের এটাও ছিল একটা কারণ।