সাঙ্গ হলো লালনের তিরোধান আয়োজন
অচিন পাখির মতো দেশ-বিদেশ থেকে যে হাজার হাজার সাধুসন্ত, আর লাখ লাখ লালনভক্তরা পাঁচ দিন ধরে এসে ভিড় জমিয়েছিলেন সাঁইজির মাজার চত্বরে, তাঁরা ফিরে গেছেন যে যার ঠিকানায়। ছেঁউড়িয়া এখন নীরব নিরিবিলি। গতকাল বুধবার শেষ হলো পাঁচ দিনের ১২০তম লালন তিরোধান দিবসের আয়োজন।বরাবরের মতোই এবারও পয়লা কার্তিক ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল অনুষ্ঠানমালা। লালন একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আগের দিন থেকেই দূরদূরান্ত থেকে লালনের অনুসারী বাউল ও সাধুসন্তেরা আসতে শুরু করেছিলেন। একাডেমির সূত্র জানিয়েছে, এবারের আয়োজনে ভেকধারী অন্তত ২৫ হাজার সাধু অংশ নিয়েছেন। প্রতি সাধুর সঙ্গে ছিলেন অন্তত ১০ থেকে ১৫ জন অনুসারী। এ ছাড়া লালনের গানের অনুরাগী শ্রোতা ছিলেন বিপুলসংখ্যায়। সব মিলিয়ে এবার প্রায় ১০ লাখের মতো মানুষ পাঁচ দিনের আয়োজনে অংশ নিয়েছেন বলে একাডেমির অনুমান। এবারের আয়োজনে আর্থিক সহযোগিতা দিয়েছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক।বধুবার আনুষ্ঠানিকভাবে আয়োজন শেষ হলেও সাধুরা আগের দিন মঙ্গলবারই ছেঁউড়িয়া থেকে বিদায় নিতে শুরু করেছিলেন। সে কারণে শেষ দিনে ছিল শুধু সমাপনী ঘোষণারই আনুষ্ঠানিকতা। বিকেলে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান এবং প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। প্রধান আলোচক ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান শেখ রজিকুল ইসলাম এবং বিশেষ অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান।সমাপনী অনুষ্ঠানে লালনচর্চায় বিশেষ অবদান রাখার জন্য ১০ জনকে লালন পদক দেওয়া হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাংবাদিক আবদুর রাজ্জাক (মরণোত্তর), শিক্ষকতায় ধীরেন্দ্র নারায়ণ, চিকিৎসা সেবায় দুজন আবু ফজলে রাব্বি (মরণোত্তর) এবং এ এফ এম তোফাজ্জুল হক (মরণোত্তর), রাজনীতিতে রওশন আলী, ক্রীড়ায় মোহাম্মদ মুসা, জমিদাতা হিসেবে আনোয়ার হোসেন (মরণোত্তর) এবং লালনের গানে অবদান রাখায় তপন গোস্বামী, ফকির মান্নান ও রিজিয়া ফকিরানী। শেষে একাডেমির শিল্পীরা সাঁইজির গান গেয়ে শোনান।কুষ্টিয়ায় আর্টক্যাম্প শুরুবেঙ্গল শিল্পালয় ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় দেশের বিশিষ্ট চারুশিল্পীদের নিয়ে একটি আর্টক্যাম্প শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। কুষ্টিয়া শহরের চেঁচুয়ায় বিএটিবির অতিথিশালায় তিন দিনের এই আর্টক্যাম্পে অংশ নিয়েছেন কাইয়ুম চৌধুরী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, কালিদাস কর্মকার, মাহমুদুল হক, শহীদ কবির, ফরিদা জামান, মনসুরুল করিম, নাসরিন বেগম ও দিলারা বেগম। সাহিত্য পত্রিকা কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবির চৌধুরী, বিএটিবির কর্মকতারা তাঁদের সঙ্গে রয়েছেন।শিল্পীরা কুষ্টিয়া আসেন মঙ্গলবার বিকেলে। সন্ধ্যায় তাঁরা ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার দর্শন ও অনু্ষ্ঠান উপভোগ করেন।চারুকলা অনুষদে ‘জন্মস্থান’ কর্মশালাযুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় আয়োজন করা হয়েছে ‘জন্মস্থান’ শীর্ষক কর্মশালা। এ কর্মশালা পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা শিল্পী অ্যান্ড্রু স্যাফটেল ও হুইটনি বেকার। অ্যান্ড্রু স্যাফটেল টেনেসির বাসিন্দা, তিনি সান ফ্রান্সিস্কো আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় ডিগ্রি অর্জন করে বর্তমানে একজন পেশাদার প্রিন্ট মেকার, চিত্রকর ও শিল্পকলার শিক্ষক হিসেবে কাজ করছেন। অন্যদিকে কেন্টাকি থেকে আসা হুইটনি বেকার একইসঙ্গে একজন কবি, ল্যান্ডস্কেপ ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা। লিংকন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে স্টুডিও আর্টের ওপর ডিগ্রি নিয়েছেন।কৃতী এই দুই আমেরিকান এবং বাংলাদেশি শিল্পী ও শিক্ষার্থীদের একটি দল কর্মশালায় অংশ নিচ্ছে। গতকাল ছিল কর্মশালার শেষ দিন।সমাপনী দিনে উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। তিনি বলেন, ‘প্রত্যেকের জন্মস্থানই তাঁর কাছে প্রিয়। তাই নিজের প্রিয় জন্মস্থানের মতো সবার জন্মস্থানকেই ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে। বিরোধ-বৈষম্য ভুলে আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। রোধ করতে হবে পরিবেশ বিপর্যয়। সুস্থ শিল্প-সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষের মধ্যে এই বার্তাই পৌঁছে দিতে চাই।’এ ছাড়া শিল্পীদ্বয় বাংলাদেশের শিল্পীদের সহযোগিতায় চারুকলার সম্ভাবনাময় ছাত্রছাত্রী ও স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। সবগুলো কর্মশালা শেষে একটি প্রদর্শনী হবে ২৮ অক্টোবর। তিন সপ্তাহব্যাপী কর্মশালায় যে শিল্পকর্মগুলো তৈরি হবে, সেগুলো এই প্রদর্শনীতে তুলে ধরা হবে।চর্যাগীতি-নৃত্যবিষয়ক সেমিনার ও প্রদর্শনীবাংলা একাডেমী ও উপমহাদেশীয় সংগীত প্রসার কেন্দ্র ‘সাধনা’ যৌথভাবে নেপাল থেকে আসা ইনস্টিটিউট অব নেপালিস পারফর্মিং আর্টস ‘কলামণ্ডপ’-এর অংশগ্রহণে চর্যাগীতি-নৃত্যের ঐতিহ্য বিষয়ে এক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে। গতকাল বিকেলে একাডেমির সেমিনারকক্ষে এই অনুষ্ঠানে নেপালের চর্যাগীতির ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন সর্বজ্ঞ বজ্রাচার্য, অধ্যাপক আফসার আহমদ, লুবনা মারিয়াম এবং ড. সাইম রানা। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সংস্কৃতি সব সময়ই পরিবর্তনশীল এবং এতে অন্যান্য সংস্কৃতির নানা উপকরণ স্বাভাবিকভাবেই সংযোজিত হয়। চর্যাগীতের মধ্যে বহুমাত্রিক শিল্পের সমন্বয় ঘটেছে। এ বিষয়টিও আমাদের স্বীকার করে নিতে হবে।’ আলোচনা অনুষ্ঠান শেষে রাজেন্দ্র শ্রেষ্ঠর পরিচালনায় চর্যানৃত্য পরিবেশন করেন কলামণ্ডপের শিল্পীরা।