সাঙ্গ হলো সুরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজাচ্ছেন ভারতের বেহালাসম্রাটখ্যাত ড. এল সুব্রামনিয়াম l ছবি: স্বপ্না দাবাডে, পারফেক্ট হারমনি গ্লোবাল
বাজাচ্ছেন ভারতের বেহালাসম্রাটখ্যাত ড. এল সুব্রামনিয়াম l ছবি: স্বপ্না দাবাডে, পারফেক্ট হারমনি গ্লোবাল

চারটি দিন যেন চলে গেল চোখের পলকে। শেষ দিন ড. এল সুব্রামনিয়ামের বেহালায় যখন সুর উঠল, তখনো মনে হচ্ছিল না কাল এই মঞ্চে আর শোনা যাবে না সুরের ঝংকার।

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের মাস্টারকার্ড থিয়েটারে ২১ সেপ্টেম্বর শুরু হয়েছিল সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল—টাইমলেস ক্ল্যাসিকাল ইকোস। ব্লুজ কমিউনিকেশনস আয়োজিত চার দিনব্যাপী এ উৎসব শেষ হলো গতকাল। আইএফআইসি ব্যাংক নিবেদিত এ আয়োজনে সহযোগিতা করেছে ভারতীয় প্রতিষ্ঠান পারফেক্ট হারমনি গ্লোবাল।

গত চার দিনে কিংবদন্তি শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত বিরজু মহারাজদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়েছেন বাংলাদেশের লুভা নাহিদ চৌধুরী, শামা রহমান, লাইসা আহমদ লিসারা।

শেষ দিনের দ্বিতীয় পরিবেশনায় মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। যেহেতু উৎসবের বেশির ভাগ শিল্পী রাগসংগীতের, তাই তিনিও গাইলেন রবীন্দ্রনাথের রাগপ্রধান গান।

১৬ বছর বয়স থেকে গান লিখেছেন রবীন্দ্রনাথ। প্রথমদিকে শাস্ত্রীয় রাগ অনুসরণ করেই গান লিখেছেন বেশি। সেখান থেকে ছয়টি গান গাইলেন বন্যা। ভৈরবী রাগের ‘ও অকূলের কূল’, কাফি রাগে কীর্তনাঙ্গের ‘মাঝে মাঝে তব দেখা পাই’, তারানাভিত্তিক ‘সুখহীন নিশিদিন
পরাধীন হয়ে’, ইমন রাগে ‘এই উদাসী হাওয়ার পথে পথে’ গানগুলো গাইলেন। শেষ করলেন রাগ দেশের গান দিয়ে। বর্ষার এই গানটি হলো ‘এমন দিনে তারে বলা যায়’। এ গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হন বন্যা। গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা এটিই তাঁর শেষ গান।

প্রথম পরিবেশনায় ওস্তাদ সুজাত হোসেন খাঁ পরিবেশন করেন সেতার। তবলায় সংগত করেন অমিত দত্ত চৌবে ও ওজাস অধিয়া। সুজাত একাই বোনেন রাগ শ্যাম কল্যাণে সুরের ইন্দ্রজাল। সেতার-কিংবদন্তি ওস্তাদ বিলায়েত খাঁর যোগ্য উত্তরাধিকারী তিনি।

তৃতীয় পরিবেশনায় বিদুষী বোম্বে জয়শ্রী প্রথমে গাইলেন রাগ শনমুখপ্রিয়ার ওপর একটি কম্পোজিশন। নির্ধারিত ৪৫ মিনিট শেষ হওয়ার পর শ্রোতাদের অনুরোধে বেহাগ রাগে গাইলেন ‘অধরম মধুরম’। কম্পোজিশনটি তৈরি করেছিলেন বোম্বে জয়শ্রীর গুরু লালগুড়ি জয়রামন।

উৎসবের পর্দা নামে ড. এল সুব্রামনিয়ামের পরিবেশনা দিয়ে। কর্ণাটকি রাগ কান্নাড়ায় বেহালায় তিনি তোলেন সুর। শেষ করেন পিলু রাগের ছোট কম্পোজিশন বাজিয়ে।

চার দিনের এ সংগীত উৎসবে বেশির ভাগ শ্রোতা ছিলেন বাংলাদেশ ও ভারতের। সিঙ্গাপুরের স্থানীয় অধিবাসীরাও অল্প সংখ্যায় এসেছেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান উৎসবে চার দিনই এসেছেন গান শুনতে। উৎসবে এসেছেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরীও।