সাজাই খাটবেন বিপর্যস্ত সঞ্জয়
জেলে যাওয়ার আগেই বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী তিনি যথাসময়ে আত্মসমর্পণ করবেন এবং সাজা খাটবেন। সাজা মওকুফের জন্য তিনি আবেদন করবেন না। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে ভারতের সর্বোচ্চ আদালত ২১ মার্চ সঞ্জয় দত্তকে পাঁচ বছরের জেল দিয়েছেন এবং চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আত্মসমর্পণ করেননি সঞ্জয় দত্ত। কবে নাগাদ আত্মসমর্পণ করবেন, নাকি আদালতের কাছে সাজা মওকুফের জন্য আবেদন করবেন, এ নিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলোতে নানা আলোচনা হচ্ছে।আজ ২৮ মার্চ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের উদ্দেশে হাতজোড় করে সঞ্জয় দত্ত জানিয়েছেন, তিনি ক্ষমা চেয়ে কোনো আবেদন করেননি এবং সুপ্রিম কোর্টের দেওয়া সাজা খাটবেন।সঞ্জয় বলেন, ‘আমার অনেক কাজ বাকি আছে। আমার পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে চাই।’ এ সময় চোখের জল আটকে রাখতে পারেননি বলিউডের শক্তিশালী এ অভিনেতা।ক্ষমা চাওয়া প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘আমার চেয়ে আরও অনেকেই আছেন যারা ক্ষমা চাওয়ার যোগ্যতা রাখেন।’ ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ ক্রমিক বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন ‘খলনায়ক’ খ্যাত ৫৩ বছর বয়সী সঞ্জয় দত্ত।বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। এর মধ্যে দেড় বছরের সাজা খেটেছেন তিনি। সঞ্জয় দত্তকে ক্ষমা করে দেওয়ার জন্য বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তি ও সঞ্জয়-ভক্তের সমর্থন থাকলেও ভারতের রাজনৈতিক দল বিজেপি ও শিবসেনা এর বিরোধিতা করছে।