সুস্থ সংগীতের বিকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে সপ্তমবারের মতো শুরু হলো সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে যাত্রা। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৪০ বছর পূর্তিকে সামনে রেখে একই আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সপ্তমবারের মতো আয়োজিত সংগীতের একমাত্র এবং অনবদ্য এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার সম্মান জানানো হবে মুক্তিযুদ্ধের দেশি-বিদেশি শিল্পী-সৈনিকদের। অনুষ্ঠানের দিন পুরো দেশে একই সময়ে একসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এবারের আয়োজনে রয়েছে গত বছরগুলোর চেয়ে আরও বেশ কিছু নতুনত্ব ও চমক। আজ মঙ্গলবার চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান অনুষ্ঠান-সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুঠোফোন প্রতিষ্ঠান সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তাসলিম আহমেদ এবং সপ্তম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান পরিচালক শহিদুল আলম সাচ্চু।তারকাপূর্ণ ভিন্ন মাত্রার এই সংবাদ সম্মেলনের শুরুটা হয় চ্যানেল আই ইভেন্টের তিন শিল্পী ইমরান, বিউটি দাস ও সিঁথি সাহার যৌথ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। তাঁরা গেয়ে শোনান ‘সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সূচনা সংগীত ‘এসো সারেগামা দিয়ে গাই সংগীতের জয়গান’।চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘সপ্তমবারের মতো আবারও আমরা এই আসরের আয়োজন করছি। এটা অনেক আনন্দের। তার চেয়ে আনন্দের কথা হলো আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি দেশের প্রথিতযশা সংগীতজ্ঞরা এসেছেন। আশা করছি, অন্য বছরের চেয়েও এবারের আয়োজনটি বেশি সমৃদ্ধ হবে। স্বাধীনতার ৪০ বছরকে প্রতিপাদ্য করে এবার আমরা নতুন অনেক কিছু করার পরিকল্পনা করছি।’সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেন, ‘গত বছর আমাদের পুরো ইভেন্ট ছিল মুগল আমলকে কেন্দ্র করে। লালবাগের কেল্লায় অনুষ্ঠিত সেই অনুষ্ঠানটির রেশ কাটতে না-কাটতেই এবার আমরা সামনে নিয়ে আসছি স্বাধীনতার ৪০ বছর এবং মুক্তিযুদ্ধের বীর শিল্পী-সৈনিকদের। আমরা এবার এক মঞ্চে সম্মাননা দিতে চাই দেশ এবং বিদেশের সেই সব গুণী মানুষকে, যাঁরা আমাদের মুক্তিযুদ্ধে কথা-সুরে-কণ্ঠে জাগিয়ে তুলেছিলেন দেশ তথা পুরো বিশ্বকে।’উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান করা হবে আজীবন সম্মাননাসহ মোট ১৬টি বিভাগে। সঙ্গে ১৫টি বিভাগে প্রদান করা হবে এসএমএস ভোটিংয়ের মাধ্যমে পপুলার অ্যাওয়ার্ডস।সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে অ্যালবাম জমা নেওয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে এবং চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকায় চ্যানেল আই কার্যালয় ছাড়াও অ্যালবাম জমা দেওয়া যাবে রংপুর, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের সিটিসেল কাস্টমার কেয়ার সেন্টারে।সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের প্রবীণ-নবীন অনেকেই। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সোহরাব হোসেন, সুধীন দাস, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মোস্তফা জামান আব্বাসী, খুরশিদ আলম, সুজেয় শ্যাম, শেখ সাদী খান, শাম্মী আখতার, ফরিদা পারভীন, খালিদ হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, এম এ মান্নান, লীনা তাপসী খান, নাশিদ কামাল, লিলি ইসলাম, সামিনা চৌধুরী, মানাম আহমেদ, ইবরার টিপু, সজীব, জুলফিকার রাসেল প্রমুখ।