সাজিদের 'এইচ' ফ্যাক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামসাকলস
হামসাকলস

মনে পড়ে, ঘরের বউ-শাশুড়িদের ড্রয়িংরুমের বোকাবাক্সে বন্দী করে ফেলা হিন্দি সিরিয়াল কিউ কি সাস ভি কাভি বাহু থি কিংবা কাহানি ঘার ঘার কির কথা? ‘কে’ আদ্যক্ষরের এই সিরিয়াল দুটিই তো একতা কাপুরের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেই একতা কাপুর, যিনি ভারতীয় টেলিভিশনে বলতে গেলে ‘কে’ অক্ষরের বিপ্লব ঘটিয়েই ছেড়েছিলেন। ইংরেজি বর্ণমালার ‘কে’ অক্ষরে একতা কাপুরের এতটাই বিশ্বাস জন্মেছিল যে এরপর থেকেই তাঁর সব সিরিয়ালের নামের শুরুর অক্ষর হয়ে গেল ‘কে’। কাসোতি জিন্দেগি কি, কুসুম, কিস দেশমে হে মেরা দিল-এর মতো সিরিয়ালগুলোই একতা কাপুরকে বানিয়েছে টিভি কুইন ‘দ্য একতা কাপুর’।
বলিউডের সেলুলয়েডে এই বিপ্লবটা ঘটিয়েছেন রাকেশ রোশন। সেই ১৯৮৭ সাল থেকে শুরু করে আজতক তাঁর তৈরি ১৩টা ছবির সব কটার শুরুর অক্ষরও ‘কে’। অন্য অক্ষর দিয়ে নাম রাখলে ছবি বক্স অফিস ফ্লপ করবে, এখনো এমনটাই বিশ্বাস রাকেশ রোশনের। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্কে যাব না। তর্কে যাননি বলিউড পরিচালক সাজিদ খানও। ২০০৭ সালে এককভাবে পরিচালিত প্রথম ছবি হে বেবি যখন বক্স অফিস কাঁপিয়ে সুপারহিটের তকমা ঝোলাল, তখন থেকে সাজিদের প্রিয় হয়ে গেল ইংরেজি ‘এইচ’ অক্ষর। প্রথম ছবির আদ্যক্ষর দিয়ে সাজিদও নাম রাখতে শুরু করলেন ফিল্মি ক্যারিয়ারের পরের ছবিগুলোর। হাউসফুল, হাউসফুল টু দিয়ে সেই হিটের গাড়ি ছুটে চললেও সাজিদের ছবি ফ্লপ করে ২০১৩-তে এসে। তেরো সংখ্যাটাই তো আনলাকি, সাজিদের কী দোষ বলেন! বক্স অফিসে হিম্মত দেখাতে পারেনি সাজিদের গত বছরের ছবি হিম্মতওয়ালা। তাই বলে কি বিশ্বাস ফেলে সরে আসা যায়? ‘এইচ’ ফ্যাক্টরের সেই বিশ্বাসই এনে দিয়েছে সাজিদের মুখের হাসি। নতুন ছবি হামসাকলস-এর বক্স অফিস সাফল্য তাই তো বলছে।
অথচ হামসকলস মুক্তি পাওয়ার আগ পর্যন্ত একে তেমন একটা পাত্তা দেননি কোনো সমালোচকই। হিম্মতওয়ালা নিয়ে যে পরিমাণ কথা শুনেছিলেন সাজিদ খান তার চার গুণ বোধ হয় শুনেছেন হামসকলস মুক্তির পর। ছবিতে সাইফ আলি খান, রীতেশ দেশমুখ, রাম কাপুরের সঙ্গে তামান্না ভাটিয়া, এষা গুপ্তা, বিপাশা বসুসহ ছয় তারকা থাকা সত্ত্বেও প্রতিটি মিডিয়ায় সমালোচকেরা এই ছবিকে মেরে কেটে আধা থেকে একটি স্টার দিয়ে নাক কুঁচকে বলেছেন, এত নিম্নমানের ছায়াছাবি তিনি বানালেন কী করে? কেউ কেউ এই ছবিতে সাইফ আলি খানের কাজ করা নিয়েও কটাক্ষ করেছেন। শুধু কি তাই, ছবির প্রমোশনে বাকি সব তারকা নিয়মিত উপস্থিত থাকলেও বিপাশা বসুকে কোথাও দেখা যায়নি। এ নিয়েও হইচই পড়ে গিয়েছিল পুরো বলিউডপাড়ায়। গুঞ্জন আছে, দুই নবাগতা তামান্না ও এষাকে বেশি গুরুত্ব দেওয়ায় পরিচালক সাজিদের ওপর চটেছেন বিপাশা। এডিটিং টেবিলে অযাচিতভাবে ছুরি-কাঁচি চালিয়ে দেওয়ায় নাকি বাদ পড়েছে বিপাশার বেশ কিছু দৃশ্য। ছিল সুর চুরির অভিযোগও। কলকাতার সংগীত পরিচালক ঋষি চন্দের সঙ্গে যোগাযোগ না করেই তার হিট গান ‘সোনিয়ে তু’-এর একটা অংশ নাকি নকল করে তৈরি করা হয়েছে হামসকলস ছবির গান ‘কলারটিউন্স’-এর একটা অংশ। যদিও অভিযোগটা সাজিদের বিরুদ্ধে নয়, ছবির সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার বিরুদ্ধেই। তবে এত কিছুর পরও প্রথম সপ্তাহে ৫৬ কোটির বেশি ব্যবসা করল বলিউড চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের ভাই সাজিদ খানের গোলমেলে চিত্রনাট্যের এই ছবিটি। ছবির ব্যবসাই বলে দিচ্ছে দর্শক ভালোই মজেছেন ছবি দেখে। কে বলতে পারে হয়তো ১০০ কোটির গণ্ডি পেরোনোর সাফল্যও পকেটে পুরে ফেলবেন সাজিদ খান।
সাজিদুল হক
বলিউড হাঙ্গামা ও উইকিপিডিয়া অবলম্বনে