সাজু আর্ট গ্যালারির বার্ষিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুল হাসানের দ্রুত-হাতে রেখা টেনে আঁকা ’৭৯ সালের একটি নারী-প্রতিকৃতি প্রদর্শিত হচ্ছে গুলশানের সাজু আর্ট গ্যালারিতে। পাশেই শোভা পাচ্ছে এস এম সুলতানের ’৯৩ সালে আঁকা জলরঙের একটি ছবি। এতে দেখা যায়, নারকেলসহ নানা রকমের সবুজ গাছ শোভিত ছোট বাড়ির পাশে ফসলের মাঠে কৃষকের হাল চাষ, বিস্তীর্ণ মাঠের পরে দিগন্তে আকাশ ছুঁয়েছে মাটি। এমনই আরও কিছু দুর্লভ চিত্রকর্মের সঙ্গে আছে প্রবীণ ও নবীন প্রতিভাবানদের বেশ কিছু চিত্রকর্ম। গুলশানের সাজু আর্ট গ্যালারি তাদের ২৯তম বার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর শিরোনাম ‘অ্যা গ্রুপ আর্ট এক্সিবিশন অব রেপোটেড বাংলাদেশি আর্টিস্ট ২০১১’। গতকাল শুক্রবার বিকেলে এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রদর্শনীতে কামরুল হাসান ও এস এম সুলতান ছাড়াও সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক, শামসুল ইসলাম নিজামী, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, সৈয়দ জাহাঙ্গীর, কালিদাস কর্মকার, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, শাহাবুদ্দিন, আবদুস শাকুর, অলকেশ ঘোষ, বীরেন সোম, ফরিদা জামান, নাইমা হক, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমাসহ তিন প্রজন্মের ১০৫ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের ১৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এক সঙ্গে তিন প্রজন্মের শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হওয়ায় চিত্রানুরাগীরা বাংলাদেশের চারুশিল্পের ধারাবাহিক চিত্র দেখতে পাবেন। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর সাজু আর্ট গ্যালারি এ ধরনের প্রদর্শনীর আয়োজন করছে। এবারের প্রদর্শনী উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত শিল্পী শফিকুল আমিনকে। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।