সাজেকের সৌন্দর্যে মুগ্ধ পরীমনি ও সাইমন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি ও সাইমন
পরীমনি ও সাইমন

ছবির শুটিংয়ে অংশ নিতে এফডিসির আঙিনা থেকে শুরু করে দেশের কত অঞ্চলেই না যাওয়া হয় অভিনয়শিল্পীদের। প্রায় দুই বছর ধরে ঢাকাই ছবিতে কাজ করছেন সাইমন ও পরীমনি। কিন্তু এই সময়ে শুটিংয়ের কাজে একবারের জন্যও পাহাড়-অরণ্যঘেরা খাগড়াছড়ি কিংবা সাজেকে যাওয়া হয়নি তাঁদের। শওকত ইসলামের ‘নদীর বুকে চাঁদ’ ছবিতে অভিনয়ের সুবাদে এবার সে সুযোগটি পেয়ে গেছেন ছবির এই তারকা জুটি।
গত ৬ ডিসেম্বর থেকে খাগড়াছড়ি ও সাজেকের নয়নাভিরাম লোকেশনে এ ছবির জন্য শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা দুজন। প্রথমবারের মতো এ ধরনের লোকেশনে কাজ করতে গিয়ে প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন ঢাকাই ছবির দুই অভিনয়শিল্পী সাইমন ও পরীমনি।
প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ সাইমন তাঁর অনুভূতি জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে, আমার জানা ছিল না। চারিদিকে পাহাড় আর পাহাড়। সবুজ চাদরে ঢাকা সেই সব পাহাড়। আর সে পাহাড় যেন আকাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। সত্যি আমি মুগ্ধ!’
যেন একই অনুভূতি জানিয়েছেন পরীমনিও; কথা প্রসঙ্গে বললেন, ‘এখানে বসে নীল আকাশ, সবুজ পাহাড় আর পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখে কি যে ভালো লাগছে! বোঝানো যাবে না। মনে হচ্ছে এখানে শুটিংয়ে না আসলে জীবনের কিছু একটা অপূর্ণতা থেকে যেতো।’
খাগড়াছড়ি পাহাড়ি লোকেশন থেকে মুঠোফোনে সাইমন জানিয়েছেন, এই সব লোকেশনে ছবির বেশ কিছু মারপিটের দৃশ্য ও দুটি গানের দৃশ্য ধারণের কাজ চলছে। তিনি জানান, খাগড়াছড়ি ও সাজেক অংশের শুটিং শেষ করে প্রথমে টেকনাফ ও এর পরে সেন্টমার্টিনের লোকেশনে যাওয়ার কথা। সেখান ১৪ জানুয়ারি ঢাকা ফেরার কথা আছে।