সাজেদ ফাতেমীর ‘পূবাল বাতাস’
সাজেদ ফাতেমীর গবেষণা ও পরিকল্পনায় গতকাল শনিবার বাজারে এসেছে ভাওয়াইয়া গানের মিশ্র অ্যালবাম পূবাল বাতাস। অ্যালবামে গান গেয়েছেন নাশিদ কামাল, রাওয়ানা মার্জিয়া, রহিমা খাতুন, পূর্ণ চন্দ্র রায়, হাবিব ও সাজেদ ফাতেমী। অ্যালবামে অপেক্ষাকৃত কম পরিচিত গানের সঙ্গে আছে জনপ্রিয় গানও। সংগীত পরিচালনা করেছেন মাসুম। অ্যালবাম সম্পর্কে সাজেদ ফাতেমী বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল, শুধু ভাওয়াইয়া গান নিয়ে একটি মিশ্র অ্যালবাম তৈরির। এবার সে ইচ্ছে পূরণ হয়েছে। এটি আমার সপ্তম প্রয়াস।’ তিনি আরও বলেন, ‘পূবাল বাতাস অ্যালবামে দুটি চমক আছে। প্রথম চমকটি হলো, কয়েকটি গান সম্পর্কে বর্ণনা দিয়েছেন আসাদুজ্জামান নূর। অন্যটি হলো, “ওকি গাড়িয়াল ভাই” গানটির একটি সিক্যুয়াল। একসময়ের বিখ্যাত এক বন্দরের দুঃখগাথা নিয়ে এই সিক্যুয়ালটি গেয়েছেন পূর্ণ। গানটি যেকোনো সংগীতপিপাসুকে স্মৃতিকাতর করে তুলবে বলে আমার ধারণা।’পূবাল বাতাস বাজারে এনেছে লেজার ভিশন। ২৭ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে (দ্বিতীয় তলা) অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।