সাজ্জাদ সাজু ৫ প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রথম জাতীয় রেপাটরি প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে নাটক টার্গেট প্লাটুন। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এই নাটকের মুখ্য চরিত্র বাদলের ভূমিকায় অভিনয় করেছেন সাজ্জাদ সাজু। কথা হলো তাঁর সঙ্গে।‘টার্গেট প্লাটুন’ নাটক নিয়ে বলুন?টার্গেট প্লাটুন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ওপর লেখা একটি গীতিনাট্য। মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ত্যাগের বিরল সব চিত্র নিয়ে তৈরি হয়েছে এই নাটকের কাহিনি। মূলত মঞ্চে এটি মুক্তিযুদ্ধের ওপর লেখা প্রথম গীতিনাট্য। নাটকটির মঞ্চায়নের পদ্ধতিটাও অভিনব। মঞ্চের ব্যবহার, কুশীলবদের চমৎকার শরীরী ভঙ্গিমা ও সংগীত—সব মিলিয়ে এক দৃষ্টিনন্দন আবহের অবতারণা হয় পুরো নাটকটিতে।
বাদল চরিত্রটি নিয়ে বলুন...
বাদল একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র। মুক্তিযুদ্ধ চলাকালীন সে ঢাকা থেকে আহতাবস্থায় গিয়ে পৌঁছায় নিজ গ্রামে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সহযোদ্ধাদের অনুরোধে যুদ্ধের নেতৃত্ব দেয় বাদল।
আপনি কাজ করেন আরণ্যক নাট্যদলের সঙ্গে। এখন কী করছেন?
আরণ্যকের সঙ্গে আমি যুক্ত হই ১৯৯৮ সালের শেষের দিকে। প্রথম অভিনয় করি ২০০১ সালে সংক্রান্তি নাটকে। এরপর রাঢ়াং, ময়ূর সিংহাসন, এবং বিদ্যাসাগর, শত্রুগণ এবং সবশেষ অভিনয় করি কবর নাটকে। এ ছাড়া পথনাটক তো আছেই।
সমসাময়িক নাট্যচর্চা নিয়ে আপনার ভাবনা...
বর্তমানে আমাদের মঞ্চে অনেক ভালো ভালো নাটক আসছে। নাটকের আঙ্গিক ও শৈল্পিক বোধের আমূল পরিবর্তন এসেছে। সুতরাং যাঁরা একসময় তরুণ ছিলেন এবং যাঁদের হাত ধরে নাট্যচর্চা আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে, তাঁদের শিক্ষা, ত্যাগ ও সৃজনশীলতাকে অনুসরণ করে আমরা চাই নিজেদের আরও পরিণত করতে।
মঞ্চ নিয়ে আপনার স্বপ্ন ও পরিকল্পনা কী?
মঞ্চ আমাদের নাট্যকর্মীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা থিয়েটারের মানুষেরা খুব স্বপ্নবিলাসী। তাই প্রতিনিয়ত স্বপ্ন দেখি, একদিন এখানে পেশাদারি থিয়েটার চালু হবে। সময়ের সঙ্গে সঙ্গে উজ্জ্বল হবে থিয়েটারের ভবিষ্যৎ।