সাড়া ফেলেছে ‘ড্যান্স উইথ মাধুরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনলাইনভিত্তিক নাচের একাডেমি ‘ড্যান্স উইথ মাধুরী’ খুলেছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। (www.dancewithmadhuri.com) ওয়েবসাইটটি উদ্বোধনের দুই দিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মাধুরী-ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। উদ্বোধনের ৪৮ ঘণ্টার মধ্যে ২৫ হাজার মানুষ এই ওয়েবসাইটে ঢুঁ মেরেছে। প্রতিনিয়ত এর ভিজিটর সংখ্যা বেড়েই চলেছে। প্রতি মিনিটে ওয়েবসাইটটি দেখছে বিশ্বের ১২৪টি দেশের ১ হাজার ২০০ মানুষ। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে মিড-ডে।নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত মাধুরী দীক্ষিত। নিজের নাচের জ্ঞান ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ‘ড্যান্স উইথ মাধুরী’ নিয়ে হাজির হয়েছেন এ ‘আজা নাচলে’ তারকা। তাঁর কাছ থেকে নাচ শিখতে আগ্রহীরা তাদের ফেসবুক, জিমেইল কিংবা ইয়াহু আইডি ব্যবহার করে ‘ড্যান্স উইথ মাধুরী’ একাডেমিতে ভর্তি হতে পারছেন। সম্প্রতি ওয়েবসাইটটি উদ্বোধন করেন ৪৫ বছর বয়সী এ তারকা। উদ্বোধনী অনুষ্ঠানে মাধুরী তাঁর বক্তব্যে বলেন, তাদের আরও কাছাকাছি যেতেই তাঁর এ উদ্যোগ। ভক্তরা তাঁকে এবং তাঁর নাচ অনেক ভালোবাসে। এখন পর্যন্ত অনেকেই তাঁর কাছে নাচ শেখার আগ্রহ প্রকাশ করেছে। এবার এই নাচের একাডেমির মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণের সুযোগ পাবেন তিনি। মাধুরী আরও বলেন, এ উদ্যোগের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে নাচের প্রতি তাঁর তীব্র ভালোবাসা। সত্যিই নাচকে তিনি অনেক ভালোবাসেন। মাত্র তিন বছর বয়সে নাচ শুরু করেছিলেন, এখনো নেচে যাচ্ছেন। এবার তাঁর নাচের জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেবেন। তাদের শেখাবেন নাচ উপভোগ করার মন্ত্র।