সাড়া ফেলেনি শোয়ার্জেনেগারের প্রত্যাবর্তন
‘দ্য লাস্ট স্ট্যান্ড’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রায় এক দশক পর হলিউডে ফিরেছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। ছবিটি মুক্তি পেয়েছে এ বছরের ১৮ জানুয়ারি। দুঃখজনক হলেও সত্য, মূল চরিত্রে ডাকসাইটে অ্যাকশন তারকার উপস্থিতি সত্ত্বেও বক্স অফিসে মোটেও ভালো সাড়া পায়নি ‘দ্য লাস্ট স্ট্যান্ড’।ভক্তদের কাছে আর্নল্ড প্রতিজ্ঞা করেছিলেন, ‘দ্য লাস্ট স্ট্যান্ড’ ছবির মাধ্যমে হলিউডে রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা রাখতে পারেননি ৬৫ বছর বয়সী এ অভিনেতা। এখন পর্যন্ত ছবিটির বক্স অফিস আয়ের পরিমাণ খুবই হতাশাজনক। এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি মেইল। ছবিটিতে শেরিফ রে ওয়েনস চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড। সমালোচকদের মতে, চরিত্রটিতে তাঁকে অনেকটাই নিষ্প্রভ মনে হয়েছে। তেজদীপ্ত পুরোনো আর্নল্ডকে খুঁজে পাননি দর্শকরা। এ ছাড়া, ছবির কাহিনিও বেশ দুর্বল। দর্শকরা খুব সহজেই বুঝে ফেলতে পারছেন, কাহিনির শেষে কী ঘটতে যাচ্ছে। অ্যাকশন ঘরানার ছবি হলেও, এর অ্যাকশন দৃশ্যগুলো বেশ হাস্যকর বলেও মত দিয়েছেন অনেকে। মূলত এসব কারণেই বক্স অফিসে সফলতার মুখ দেখতে ব্যর্থ হয়েছে ‘দ্য লাস্ট স্ট্যান্ড’।