কাওসার আহমেদ চৌধুরী। নামটি শুনলেই রাশিচক্রের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা মনে পড়ে। এখন জ্যোতিষী পরিচয়েই পরিচিত। অসাধারণ কিছু গানের স্রষ্টাও তিনি। গীতিকার হিসেবে সংস্কৃতিজগতে রয়েছে তাঁর আলাদা পরিচিতি। আজ আমরা শুনব তাঁর লেখা সাতটি জনপ্রিয় গানের কথা‘প্রিয় কর্কট, এই তো কেটে যাচ্ছে সুন্দর বিষণ্নতার কুয়াশা, উঠছে সুন্দর রোদ।’—প্রতি সপ্তাহে প্রথম আলোর ‘ছুটির দিনে’তে এমন সরস ভাষায় রাশি বয়ান করেন তিনি। এখনকার অনেকেই তাঁকে চেনেন জ্যোতিষী হিসেবে। অথচ তিনি অসংখ্য জনপ্রিয় গানের গীতিকারও। মুক্তিযুদ্ধ করেছেন। ছিলেন চলচ্চিত্রকর্মী। তাঁর এতসব পরিচয়ের কথা তাঁর কাছে পাড়তেই বললেন, ‘সারা জীবন আমি এক স্টেশনের টিকিট কেটে উঠেছি, কিন্তু নেমেছি অন্য স্টেশনে! একসময় গান লেখায় মেতে উঠলাম। সেই তোড়ে ভেসে গেল অন্য সব।’এতক্ষণ কে কথা বললেন? পাঠক, আপনাকে প্রশ্নটি করা হলে হয়তো আপনি দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলবেন কাওসার আহমেদ চৌধুরী। কেউ আবার এর সঙ্গে আরেক পঙিক্ত যোগ করে বলবেন, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে...।’—এ রকম আরও অনেক গানের রচয়িতা তিনি।আমাদের সঙ্গে সেই কাওসার আহমেদ চৌধুরীর যখন কথা হচ্ছিল, তখন তিনি নিজের শয়নকক্ষে আয়েশি ঢঙে বসা। এসেছি তাঁর অজস্র গানের মধ্য থেকে কয়েকটির গল্প শুনতে। পরে ওই গান প্রসঙ্গে সুরকার ও শিল্পীদের সঙ্গেও কথা বলেছি আমরা।সেই যে যৌবনের শুরুতে বোন নিলুফার খানম চৌধুরীর গান লেখা দেখে তাঁর গান লেখা শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি। তো পাঠক, চলুন যাওয়া যাক গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর গানের ভুবনে।মৌসুমী, কারে ভালোবাস তুমিব্যান্ডদল ‘ফিডব্যাক’ গেয়েছিল গানটি। তখন হরদম গান লিখছেন তিনি। ‘একদিন ফুয়াদ নাসের বাবু আমার কাছে এল। বলল, একটি গান লিখে দিতে হবে। তবে ওর বায়না হলো, গানের মধ্যে “মৌসুমী” শব্দটি থাকতে হবে। তো আবদার মেনেই লিখলাম গানটি। ওরা সুর করল। এটা ফরমায়েশি গান। এ রকম ফরমায়েশি গান আমি আরও লিখেছি। সেসব নিয়ে রয়েছে বিচিত্র ঘটনা।’‘মৌসুমী, কারে ভালোবাস তুমি’—লেখার গল্প বলছেন কাওসার আহমেদ চৌধুরী। বলতে বলতে জানালেন এক মজার কাহিনি, ‘একবার লাকি আখান্দ্ আমায় বলল, “এমন একটা গান লিখে দাও, যার মধ্যে ‘নীলা’ নামটি থাকবে।” লাকি আমার জানি-দোস্ত, ওর কথা ফেলি কী করে। লিখলাম “নীলা, কেন চোখ দুটি আঁখিজলে উঠেছে ভরে।” এরপর শুরু হলো উৎপাত। বিভিন্ন জন প্রশ্ন করে, “নীলা কে, কী হয়?” আসলে গীতিকার সব সময় নিজের অনুভূতি থেকে লেখেন না, অন্যের কথা চিন্তা করেও তাঁকে লিখতে হয়,’ বললেন কাওসার আহমেদ চৌধুরী।আবার ‘মৌসুমী, কারে ভালোবাস তুমি’ গানটির শিল্পী ফিডব্যাকের এক সময়কার সদস্য মাকসুদের কথায় জানা গেল অজানা অনেক কিছু, ‘তখন আমাদের যৌবনের উত্তুঙ্গ সময়। বুকের মধ্যে কী যেন নেই, কী যেন নেই। ভাবলাম, মৌসুমী নামের কল্পনার একটি চরিত্রকে নিয়ে গান করলে কেমন হয়। সে সময় নামী গীতিকারেরা ততটা পাত্তা দেন না আমাদের।’ কাওসার ভাই বিখ্যাত গীতিকার। কিন্তু তাঁকে বলতেই রাজি হলেন, তিন-চার দিনের মধ্যে লিখেও দিলেন। দারুণ জনপ্রিয় হয়েছিল গানটি। বয়সে আমাদের চেয়ে বড় হলেও আমাদের অনুভব ঠিকঠাক বুঝতে পেরেছিলেন তিনি।’এই রুপালি গিটার ফেলেএলআরবির জনপ্রিয় গান এটি। তবে গানটি ফরমায়েশি নয়, আগে থেকে লেখা। কাওসার আহমেদ চৌধুরী বললেন, ‘ডন স্টুডিওতে একদিন আইয়ুব বাচ্চুর সঙ্গে দেখা। তখন আমার হাতে ছিল গানের খাতা। এটি দেখতে গিয়ে বাচ্চু বলল, “আমি এই গানটি করতে চাই।” আমি বললাম, তুমি যে ধরনের মিউজিক করো, তার সঙ্গে এই গান যাবে না। কথা শুনে একটু খুব মন খারাপ করল ও। বলল, “আমি কি আধুনিক গান করতে পারি না?” এরপর আমাকে তার বাসায় ধরে নিয়ে গিয়ে তৎক্ষণাৎ সুর বসাল গানে। খুব সুন্দর হয়েছিল সুরটি। পরে কুমার বিশ্বজিৎ এল সেখানে। বাচ্চু তাকে গানটি শুনিয়ে বলল, “আরেকটু ঘষামাজা করব।” তখন বিশ্বজিৎ ওকে বলল, “এটি যেমন আছে তেমনই রাখো। দুর্দান্ত সুর হয়েছে।” এভাবেই জন্ম হলো “এই রুপালি গিটার”-এর।’গীতিকারের এমন কথায় সুর মিলিয়ে সুরকার ও শিল্পী আইয়ুব বাচ্চুও বললেন, ‘কথাগুলো অসাধারণ। একটানা সুর করেছিলাম সে সময়।’কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনেলাকি আখান্দের সুরে এটি প্রথমে গেয়েছিলেন শাকিলা জাফর, পরে সামিনা চৌধুরী। এই গানের কথা বলতে গিয়ে কাওসার আহমেদ চৌধুরী হাতড়ে ফিরলেন ফেলে আসা দিনগুলো, ‘১৯৮৬ সাল। বাংলাদেশ টেলিভিশনে “সুরবাণী” নামের একটি অনুষ্ঠান হতো। ওই অনুষ্ঠানের জন্য লাকি একটি গান চাইল। তখন আমার মনে পড়ল, সিলেটের শমসেরনগর চা-বাগানের সেই রাতগুলো। আমার বড় ভাই ছিলেন ওই বাগানের ম্যানেজার। উঁচু টিলার ওপর তাঁর বাংলো। সেখানে থাকতাম আমি। রাতে বারান্দায় দাঁড়ালে দেখা যেত অসংখ্য জোনাকি। এই গানে সেসবই উঠে এসেছে।’ কাওসার আহমেদ চৌধুরীর ভেতর জমে উঠেছে স্মৃতির বুদ্বুদ্।গানটি নিয়ে বলতে গিয়ে সুরকার লাকি আখান্দ্ও ফিরে গেলেন সোনালি অতীতে। কাওসার আহমেদ চৌধুরীর অনেক গানের সুরকার তিনি। দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের। লাকি বললেন, ‘কাওসার সাহিত্যবোদ্ধা অসাধারণ একজন গীতিকবি। ওর কাজে কোনো ফাঁকিজুকি নেই। এই ছবি আঁকছে তো ওই গান লিখছে—এমনই চঞ্চলতা ছিল তার ভেতরে। অধিকাংশ সন্ধ্যায় একসঙ্গে আড্ডা দিতাম আমরা। এ রকম এক আড্ডায় গিটারে টুংটাং করতে করতে সুর করেছিলাম। প্রথমবার সুর করে শাকিলা গাওয়ার পর মনে হলো, গানের কথায় কাব্য ও নির্জনতার যে আবহ আছে, সুরে, তা ঠিকমতো ধরা যায়নি—রিদমিক সুর হয়েছে। পরে তাই আবার দ্বিতীয়বার সুর করলাম। সেই সুরে সামিনা অসম্ভব দরদ দিয়ে গেয়েছে গানটি।’যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার‘লাকির সঙ্গে জুটি হয়ে কাজ করতে গিয়ে অনেকবার এমন হয়েছে যে ও আগে সুর করেছে পরে আমি সেই সুরের ভেতর কথা বসিয়েছি। আজিমপুর কলোনির ১৬ নম্বর বিল্ডিংয়ে আমার বাসায় বসে এই গানটিও লেখা হয়েছিল এমনভাবে। যতদূর মনে পড়ে, লাকি ছাড়া তখন সেখানে হ্যাপি আখান্দ্ও ছিল।’গীতিকারের কথার সূত্র ধরে গানের শিল্পী কুমার বিশ্বজিৎ বললেন, ‘কাওসার ভাইয়ের লেখা গান গাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন। তাই সুর করার পর লাকি ভাই যখন এটি গাইতে বললেন, তখন আলাদা যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করেছি। প্রথম গেয়েছিলাম বিটিভির একটি অনুষ্ঠানে। এই গানের মাধ্যমে বাংলাদেশে প্রথম মুখ দিয়ে হামিংয়ের সূচনা হয়।’আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া এই গানের সুরকারও লাকি আখান্দ্। এক প্রবল বৃষ্টির দিনে ইমন রাগে একটি সুর ভাঁজছিলেন তিনি। একসময় বন্ধুকে বললেন, ‘এই সুরের ওপর লিখে দাও তো কিছু। অমনি বসে গেলেন বন্ধু—বৃষ্টিদিনের আবহ নিয়ে রচিত হলো জলমাখা গানটি।’এ গান নিয়ে শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কথা হলো, ‘গানটি খুবই কাব্যময়। শুধু কথা নয়, এর সুরেও বৃষ্টির ছবি ভাসে।’পলাতক সময়ের হাত ধরেকাওসার আহমেদ চৌধুরীর শৈশব কেটেছে দিনাজপুর, কুমিল্লা, সিলেট ও চাঁদপুরের হাজীগঞ্জে। সেই পালিয়ে যাওয়া দিনগুলোর কথা এই গানে বলেছেন তিনি। লাকি আখান্দের সুরে গানটির শিল্পী ফেরদৌস ওয়াহিদ। ‘গানটি একই সঙ্গে মানুষকে হাসায়, কাঁদায়—স্মৃতিকাতর করে তোলে। কারণ, এখানে রয়েছে মুহুর্মুহু স্মৃতিচারণা, শৈশবের ফেলে আসা দিনগুলো।’ গান নিয়ে ফেরদৌস ওয়াহিদের অভিব্যক্তি এমনই। বললেন, ‘অসম্ভব সুন্দর লিরিক্যাল এ গানটি আমার খুব পছন্দের। প্রথমে এটি গেয়েছিলাম বাংলাদেশ বেতারে পরে ঈদ আনন্দমেলার অনুষ্ঠানে।’আমায় ডেকো না, ফেরানো যাবে না‘ছেলেবেলা থেকে আমার ভেতর উড়নচণ্ডী যে স্বভাব, এই গানে পাওয়া যাবে তার আঁচ। লেখার সময় বারবার মনে হয়েছে, বৈরাগ্যের জীবনটা যদি ফিরে পেতাম!’ ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ প্রসঙ্গে বলছিলেন গীতিকার।অন্যদিকে, সুরকার লাকি আখান্দ্ বললেন, ‘বিটিভিতে অনুষ্ঠানের জন্য অ্যালবিম্ব সুরের অনুপ্রেরণায় আমি একটি সুর করলাম। তারপর কাওসারকে বললাম, এই সুরের ওপর লেখো। দেখি, ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে লেখা শেষ—এত ভালো লিরিক! ওর গান লেখার প্রতিভাকে মাঝেমধ্যে রবিঠাকুরের মতো মনে হয় আমার। কেন যে এখন আর লেখে না...।’ লাকি আখান্দের কণ্ঠে আফসোস স্পষ্ট।ওদিকে এত এত জনপ্রিয় গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর সঙ্গে আলাপের শেষ পর্যায়ে আমাদের কণ্ঠেও তখন আফসোস। বললাম, ‘কেন আর লেখেন না গান?’‘এখন গান আগের মতো আসে না। আর গান লেখা একটা বিশ্বাসঘাতক শিল্প। এখানে গীতিকারের নাম কেউ মনে রাখে না।’তাঁর ন্যায্য অভিমানটুকু বোঝা গেল। তবে অভিমানী গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর অমলিন গানগুলো শুনলে অভিমান দূর হয়ে মন ভালো হয়ে যেতে পারে যে কারও।